সঙ্কটের জন্য সিইসিকে দায়ী করলেন এরশাদ
দেশের চলমান রাজনৈতিক সঙ্কটের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে দায়ী করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
বুধবার দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, দেশে যে গভীর রজনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে তার জন্য সম্পুর্ণ দায়ভার সিইসির। তিনি নিজ থেকে পদত্যাগ করলে দেশ বেঁচে যায়।
১৪ দলের অবরোধ চলাকালে পুলিশের গাড়ি চাপায় এক বিক্ষোভকারীর মৃত্যু প্রসঙ্গে এরশাদ বলেন, আমার সময়ে যখন গাড়িচাপায় দুই ছাত্রের মৃত্যু হয় তখন আমি যেমন গাড়ি চালাচ্ছিলাম না। তেমনি এ ঘটনার সময়েও রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহম্মেদ গাড়ি চালাচ্ছিলেন না।
এরশাদ বলেন, জাতীয় পার্টি নির্বাচনে বিশ্বাসী দল। চারদলীয় জোটে যাওয়া প্রসঙ্গে এরশাদ বলেন, মাঠ পর্যায়ে বিএনপির অবস্থা ভালো নয়। আমরা যদি তাদের জোটে যাই তাহলে আমাদের অবস্থাও ভালো থাকবে না।
উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, “বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে দেওয়া অপবাদগুলো এখন আস্তে আস্তে কেটে যাচ্ছে”।
এরশাদের সঙ্গে এসময় দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
