২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কঠোর ব্যবস্থা নিতে উপদেষ্টাদের প্রতি ৪ দলের দাবি

বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট দেশের উদ্ভূত পরিস্থিতিতে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য উপদেষ্টাদের কাছে অনুরোধ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 11:06 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

মঙ্গলবার রাতে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানিয়ে বলেন, একটি বিশেষ রাজনৈতিক দল একের পর এক দাবি তুলে সবগুলো প্রতিষ্ঠানকেই বিতর্কিত করছে। তারা বলছে, একে বদলাতে হবে, ওকে বদলাতে হবে। এভাবে চলতে থাকলে দেশ পরিচালনার জন্য একসময় কাউকেই পাওয়া যাবে না। তখন বাইরে থেকে লোক এনে দেশ চালাতে হবে।

মান্নান ভূঁইয়া বলেন, “কোন একটা জোট, কোন একটা দল জনগণকে ব্ল্যকমেইল করবে, তা হতে পারে না।”

মান্নান ভূঁইয়া আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এ আজিজকে অসাংবিধানিকভাবে অপসারণের কোন উদ্যোগ নেওয়া হলে বিএনপিসহ চারদলীয় জোট তা মেনে নেবে না।

জোট মনে করে, এভাবে একটি দল বা রাজনৈতিক জোটের দাবির পরিপ্রেক্ষিতে সিইসিকে অপসারণ করা হলে পুরো প্রতিষ্ঠান এমনকি পুরো ব্যবস্থাই ভেঙে পড়বে। কোনো প্রতিষ্ঠানকে ধ্বংস করতে দেওয়া যাবে না।

আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে চার দলীয় ঐক্যজোটের ১১ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

মান্নান ভূঁইয়া বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারা সেই অনুযায়ীই উপদেষ্টাদের নির্বাচনী তফসিল ঘোষণা করতে বলেছেন।

এক প্রশ্নের উত্তরে মান্নান ভূঁইয়া জানান, উপদেষ্টাদের কথায় তাদেরকে আন্তরিক বলেই মনে হয়েছে।

তবে নির্বাচন কমিশন সংস্কারের প্রশ্নে জোটের অনমনীয় মনোভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, সংবিধানের বাইরে কোনো প্রকার হস্তক্ষেপ চার দলীয় ঐক্যজোট মেনে নেবেনা। এটা স্বাধীন ও সাংবিধানিক পদ। এর ওপর হস্তক্ষেপ করা অনুচিত। তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা।

এদিকে চারদলীয় জোটের সঙ্গে বৈঠক শেষে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের পক্ষে ড. আলী আকবর খান সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে আজ মঙ্গলবার তারা বেশ কয়েকটি দলের সঙ্গে কথা বলেছেন। এর আগের দিন তারা ১৪ দলের সঙ্গে কথা বলেছেন। বুধবার এসব প্রস্তাব তারা রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে পেশ করবেন এবং উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

চারদলীয় জোটের সঙ্গে আলোচনার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আকবর আলী খান কৌশলে তা এড়িয়ে যান।

উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে চারদলীয় জোটের প্রতিনিধি দলে ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, খন্দকার দেলোয়ার হোসেন, তানভির আহম্মেদ সিদ্দিকী, খন্দকার মাহবুব উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর মহাসচিব আলী আহসান মোহাম্মদ মুজাহীদ, আব্দুল কাদের মোল্লা, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সাইফুর রহমান, এবিএম গোলাম মোস্তফা, ইসলামী ঐক্যজোটের আব্দুল লতিফ নেজামী, এবং অধ্যাপক আহম্মেদ আব্দুল কাদের।

উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ড. আলী আকবর খান, সিএম শফি সামি, মাহবুবুল আলম ও ইয়াসমিন মুর্শেদ।

এদিকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক শেষে মান্নান ভূঁইয়াসহ বিএনপির পাঁচ নেতা বনানীর হাওয়া ভবনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। তাঁরা উপদেষ্টাদের সঙ্গে আলোচনার বিষয়বস্তু নেত্রীকে অবহিত করেন।