২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে অচল সুপ্রিমকোর্ট

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের লাগাতার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকার্য ছিল বন্ধ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

সূত্র জানায়, প্রধান বিচারপতি ছাড়া হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের আপীল বিভাগের বেশিরভাগ বিচারক সোমবার কোর্ট চত্ত্বরেই আসেননি।

চৌদ্দ দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজের অপসারণের দাবিতে সোমবার কোর্ট বয়কট করেন। এছাড়া এ সময় তারা কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করেন।

আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা সকাল থেকে সারাদিন ধরে সুপ্রিমকোর্টের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

পরে ৩টার দিকে আইনজীবীরা মুক্তাঙ্গন অভিমূখে যাত্রা শুরু করলে পুলিশ কদম ফোয়ারা চত্ত্বরে তাদের বাধা দেয়। তবে পুলিশের বাধা উপেক্ষা করে আইনজীবীরা একটি বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মান্নান খান, সম্পাদক এএম আমিনুদ্দিন, সাবেক সভাপতি আব্দুল বাছেত মজুমদার, মো. ওজায়ের ফারুক, মাহবুবে আলম ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু।

বক্তারা অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের পদত্যাগ ও নির্বাচন কমিশন সংস্কারের দাবি জানান।