দুই ডিসি ওএসডি, যুগ্ম ও উপ সচিব পর্যায়ে রদবদল
আরো দুই জেলা প্রশাসককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে সংস্থাপন মন্ত্রণালয়ে প্রত্যাহার করা হয়েছে সোমবার । এছাড়া যুগ্ম সচিব, উপসচিব ও সিনিয়র সহকারি সচিব পর্যায়ে কিছু রদবদল করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সোমবার এসব আদেশ জারী করা হয়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও রাজশাহীর জেলা প্রশাসক আনোয়ারুল ইসলামকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে। একই সাথে ইজিবিএম প্রকল্পের কাউন্টারপার্ট কর্মকর্তা এএমএ রহমানকে মৌলভীবাজারের জেলা প্রশাসক পদে বদলির আদেশ বাতিল করে তাকে গোপালগঞ্জের জেলা প্রশাসক করা হয়েছে।
এদিকে সংস্থাপন মন্ত্রণালয়ের ওএসডি যুগ্ম সচিব ফারুক আহমেদকে সামরিক ভূমি ও সেনাবাহিনী অধিদপ্তরের পরিচালক করা হয়েছে।
সিলেকশন গ্রেডের দাবিতে আন্দোলনরত কর্মকর্তা ও কর্মচারীদের দাবির মুখে অর্থ বিভাগের উপ-সচিব (বাস্তবায়ন) তাসলিম আরা বেগমকে ওএসডি করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ে পদায়ণের জন্য ন্যাস্ত রাজশাহীর প্রাক্তন জেলা প্রশাসক সৈয়দ আহসানুল হককে ওই পদে নিয়োগ দেয়া হয়েছে।
আগের দিন রোববার সচিবালয় কর্মকর্তা কর্মচারি সংযুক্ত পরিষদের নেতারা সংস্থাপন ও অর্থ সচিবের সাথে দেখা করে উপ সচিব তাসলিম আরা বেগমের কারণে তাদের সিলেকশন গ্রেড হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন।
এছাড়া ওএসডি উপসচিব এমএ সোবহানকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) তাহেরুল ইসলামকে পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পরিচালক করা হয়েছে।
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারি কমিশনার রিপন চাকমাকে যোগাযোগ উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরীর একান্ত সচিব করা হয়েছে।
নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুল হাই সিকদারের চুক্তি বাতিল করে তাকে বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) প্রত্যার্পণ করা হয়েছে। জোট সরকার আমলে তাকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল।
