২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে বাকৃবিতে ২০ জন আহত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে সোমবার দুপুরে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 06:39 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি সারোয়ার মুর্শেদ আকন্দসহ গুরুতর আহত পাঁচজনকে ময়মনসিংহের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৪ দলীয় জোটের অবরোধ কর্মসূচির সমর্থনে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট থেকে একটি মিছিল বের করে। প্রায় একই সময় ছাত্রদল টিএসসির সামনে থেকে নৈরাজ্য বিরোধী অপর একটি মিছিল বের করে। একপর্যায়ে মিছিল দুটি কেয়া মার্কেটের সামনে মুখোমুখী হলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ভাংচুরের ঘটনায় এসময় পুরো ক্যাম্পাসে আতংক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কমপক্ষে সাত রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি, সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রাসেল, নাহিদ, বাচ্চু ও রানা এবং ছাত্রদলের পাঁচ নেতা-কর্মী আহত হয়।

সংঘর্ষের পর ছাত্রদল টিএসসিতে এবং ছাত্রলীগ কেয়া মার্কেটের সামনে অবস্থান নেয়।

নতুন করে সংঘর্ষ এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।