২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলফাডাঙ্গায় আ.লীগ ও বিএনপির পাল্টাপাল্টি মামলায় আসামী ৭৩

সাবেক সাংসদ শাহ মোহাম্মদ আবু জাফরের গাড়িবহরে হামলার ঘটনায় আলফাডাঙ্গা থানায় বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মামলায় উভয় দলের ৭৩ জন নেতা-কর্মীকে আসামী করা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2006, 06:23 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

থানা সূত্রে জানা গেছে, রোববার সাবেক সাংসদের ভাগ্নে শামীম আহমেদ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওইদিনই আলফাডাঙ্গা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তৌকির আহমেদ ডালিম বাদি হয়ে সাবেক সাংসদসহ বোয়ালমারী বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল মান্নান জানান, দুটি মামলার তদন্ত চলছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

উল্লেখ্য শুক্রবার বেলা সোয়া ১২ টার দিকে সাবেক সাংসদ আবু জাফর আলফাডাঙ্গা বাজারে ভাংচুর করা বিএনপি অফিস দেখতে গেলে আওয়ামী লীগ কর্মী ও সমর্থকরা তাকে ধাওয়া করলে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সাবেক সাংসদ থানায় আশ্রয় নেন।