সচিবালয় সমবায় সমিতির নেতৃত্ব নিয়ে হাতাহাতি
সচিবালয় বহুমুখী সমবায় সমিতির নেতৃত্ব নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়েছে সোমবার। পরে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের সহকারি কমিশনার (এসি) হাবিবুর রহমান হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন ধরে সমিতির নির্বাচন হচ্ছে না। তাই ছয় মাস মেয়াদী অন্তবর্তীকালীন কমিটির মাধ্যমে সমিতির কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। সর্বশেষ কমিটি গঠন করা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারি একান্ত সচিব সামসুল আলমের হস্তক্ষেপে জোট সরকারের শেষ সময়ে।
এতে সমবায় আইন লংঘন করে কমপক্ষে চারবার অন্তবর্তীকালীন কমিটিতে ছিলেন এমন সদস্যদের পরিচালক হিসেবে রাখা হয়। এ কমিটির এক পরিচালক পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিস সহকারি খলিলুর রহমান সোমবার সমিতিতে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক সময় প্রতিপক্ষ গ্রুপের নেতা সালামত উল্লাহর সাথে খলিলের কথা কাটাকাটি ও পরে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়।
কিন্তু এসি হাবিবুর রহমান হাতাহাতির কথা অস্বীকার করে বলেন, চা খাওয়া নিয়ে দুজনের মধ্যে শুধু কথা কাটাকাটি হয়েছে।
