পুলিশের হামলায় ৩ আ.লীগ কর্মী নিহত: কাদেরের দাবি
পুলিশের হামলায় তিন আওয়ামী লীগ কর্মী সোনারগাঁও হোটেলের সামনে নিহত হন বলে দাবি করেছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুল কাদের।
সাবেক সংসদ সদস্য এইচ বি এম ইকবালের নেতৃত্ব আওয়ামী লীগ নেতাকর্মীরা হোটেলটির সামনের রাস্তায় অবরোধ সৃষ্টি করে সোমবার সকালের দিকে। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ অবরোধকারীদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগ কার্যালয়ে দুপুর ১২টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ওবায়েদুল কাদের দাবি করেন, সোনারগাও হোটেলের সামনে পুলিশের হামলায় তাদের তিন কর্মী নিহত হন।
তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর নজরদারি করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা। আড়িপাতা হচ্ছে তার টেলিফোনেও ।
তিনি দাবি করেন, নেত্রী ছাড়াও অন্য নেতাদের ওপরও নজর রাখা হচ্ছে। আড়িপাতা হচ্ছে তাদেরও টেলিফোনে ।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক অবিলম্বে নজরদারি ও টেলিফোনে আড়িপাতা বন্ধের দাবি জানিয়ে বলেন, বিটিভির কার্যক্রম পরিচালিত হচ্ছে এখনও হাওয়া ভবনের নির্দেশে ।
