২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ দাবী করেছে ১৪ দল

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহমেদের পদত্যাগ দাবী করেছে ১৪ দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে রোববার সন্ধ্যায় ১৪ দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগের দাবী জানিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্য বলেন, “অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারে নতুন প্রধান উপদেষ্টা নিয়োগ করুন।”

জলিল বলেন, রাষ্ট্রপতি সংবিধান লংঘন করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৫ দিন আগে দায়িত্ব নিলেও দুর্ভাগ্যবশত তিনি এখন পর্যন্ত এমন কোনো কাজ বা পদক্ষেপ নেননি, যার ফলে তিনি তার নিরপেক্ষতার প্রমাণ করতে পারেন।

১৪ দলের সমন্বয়ক রাষ্ট্রপতির ব্যর্থতার উল্লেখ করে বলেন, রাষ্ট্রপতি নিরপেক্ষভাবে কাজ করবে বলে এদেশের মানুষ এখন আর বিশ্বাস করে না।

রোববার সকাল থেকে অবরোধ কর্মসূচি সফল করার জন্য দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীর অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবী বাস্তবায়িত হবে, ততক্ষণ পর্যন্ত লাগাতার অবরোধ অব্যাহত থাকবে।”

বিএনপি নেতাকর্মীদের হামলায় বগুড়ার সোনাতলাতে তিনজন এবং পিরোজপুরে ১০ জন আহত হয়েছেন উল্লেখ করে বলেন, সোনাতলাতে প্রশাসন অনেক দেরীতে ভুমিকা নিয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে দেশে সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হবে।

চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল না করে বরং আরও একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বিএনপি-জামাত সরকার ক্ষমতার ছাড়ার আগে দলীয় নিয়োগপ্রাপ্ত ৩০ জন পৌরসভা প্রশাসকদের নিয়োগের দাবী জানান।

জলিল রাষ্ট্রপতির উদ্দেশ্য বলেন, মিথ্যাচার ও অসদাচারণের অপরাধে অবিলম্বে তাঁর প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণ করা উচিত।

তিনি বলেন, “দেশের মানুষ প্রধান নির্বাচন কমিশনার আজিজ থেকে মুক্তি চায়।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ সেলিম, ওয়ার্কার্স পাটির নেতা রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু।