সংস্থাপন সচিবকে পদোন্নতির দাবি জানালেন কর্মকর্তারা
পদোন্নতি ও পদায়ণবঞ্চিত কর্মকর্তারা রোববার আবারও সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরীর সঙ্গে সাক্ষাত করে তাদের দাবি বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এদিকে পদোন্নতি বঞ্চিতদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সোমবার সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) বৈঠক বসছে। এতে প্রশাসনের অতিরিক্ত সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পর্যন্ত বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।
পদোন্নতি বঞ্চিত সিনিয়র সহকারী সচিব আবু আলম শহীদ খানের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের ২৫ থেকে ৩০ জন কর্মকর্তা রোববার দুপুরে সংস্থাপন সচিবের সঙ্গে সাক্ষাত করেন। এ সময় তারা অবিলম্বে পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি এবং পদায়ণ বঞ্চিতদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ণের দাবি জানান।
তারা সচিবকে জানান, জোট সরকারের সময় আগের সরকারের মন্ত্রী বা প্রতিমন্ত্রীদের একান্ত সচিব ও সহকারী একান্ত সচিবদের দলীয় লোক বিবেচনায় পদায়ন ও পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই ওইসব কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে রাখা হয়।
তাদের অভিযোগ, জোট সরকারের আমলে বিভিন্ন মন্ত্রী বা প্রতিমন্ত্রীসহ দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে থাকা একান্ত সচিব ও সহকারী একান্ত সচিবরা দলীয় লোক বলে বিবেচিত। কিন্তু ওইসব কর্মকর্তা বর্তমানে নির্বাচন সংশ্লিষ্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করায় আগামী নির্বাচনে তারা প্রভাব ফেলতে পারেন।
সেক্ষেত্রে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনে ওইসব কর্মকর্তাকে ওএসডি করে নিরপেক্ষ কর্মকর্তাদের ওইসব পদে নিয়োগের দাবি জানানো হয়।
সংস্থাপন সচিব তাদের দাবিগুলো শোনেন এবং বিবেচনার আশ্বাস দেন বলে আবু আলম শহীদ খান জানান।
এদিকে সংস্থাপন মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি বিবেচনার জন্য সোমবার এসএসবির বৈঠক বসবে। সেখানেই পদোন্নতি বঞ্চিতসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতির জন্য একটি তালিকা তৈরি করা হবে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার অনুমোদন পেলে চলতি সপ্তাহের মধ্যেই এসব কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হবে।
