লাগাতার অবরোধ কর্মসূচি শুরু
নির্বাচন কমিশন পুনর্গঠনসহ ১১ দফা দাবি পূরণ না হওয়ায় আওয়ামী লীগ ও ১৪ দলের ডাকে দেশব্যাপী লাগাতার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে রোববার থেকে।
বেলা সোয়া এগারোটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সংঘাত চোখে পড়েনি।
বেলা এগারোটায় এ প্রতিবেদন লেখার সময় বঙ্গবন্ধু এভিনিউয়ে বিভ্ন্নি জায়গা থেকে ছোট-মাঝারি মিছিল আসছিল। একটু পর পর শ্লোগান দিয়ে এবং গান গেয়ে তারা জিরো পয়েন্টের দখল রাখে।
কারওয়ান বাজার ও বাংলা মটর এলাকায়ও মিছিল ও ছোট ছোট সমাবেশ করে ১৪ দলের কর্মী-সমর্থকেরা জড়ো হতে শুরু করে। মহাখালীতে মিছিল আসার পথে মধ্য বাড্ডায় পুলিশ বাধা দেয়। এসময় সায়েদাবাদে চলছিল সমাবেশ ও দফায় দফায় মিছিল।
রাসেল স্কোয়ারে সকাল থেকেই খণ্ড মিছিল ও সমাবেশ চলে। লগি, বৈঠা, কাস্তে নিয়ে মিছিলসহ সব ধরনের অবরোধ কর্মসূচি ডিএমপি নিষিদ্ধ করায় সমাবেশকারীসহ সাধারণ জনতা সবার মধ্যেই বেশ উদ্বেগ ও আশঙ্কা চোখে পড়ছে।
আন্দোলনের মূল লক্ষ্য নির্বাচন কমিশনে রোববার থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
অবরোধের প্রথম দিনের সকালের নগরীর রাস্তাগুলো মোটামুটি ফাঁকাই রয়েছে বলা যায়। মিরপুর, মোহাম্মদপুর, ধানমণ্ডি ও নীলক্ষেত এলাকায় দুই একটা বাস বা টেম্পো ছাড়া অন্য কোনো গাড়ি চোখ পড়েনিা। অটোরিক্সাও নেই। দুই একটি মিশুক বাদে পুরো রাস্তা জুড়ে আছে অসংখ্য রিক্সা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো ঢাকাতেই অসহায় অফিস যাত্রীদের বিরাট ভিড় বাড়তে থাকে। কোনো ধরনের যাত্রী পরিবহন ব্যবস্থা না থাকায় ‘শেয়ার’ এর রিক্সা বা দুর্লভ হয়ে আসে মিশুকই এখন একমাত্র ভরসা।
রাস্তায় এখন টহল দিচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি বিরাট বহর। জায়গায় জায়গায় এর মধ্যে অবস্থান নিয়েও রয়েছে তারা।
অবরোধের জন্য ১৪ দলের নির্ধারিত ২২টা জায়গায় অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়োগ করেছে। এছাড়া জরুরী পরিস্থিতির জন্য র্যাব, বিডিআর ও আনসার সদস্যরা তৈরি রয়েছে।
রোববার সকাল থেকে এছাড়া গাবতলী বাস স্ট্যান্ড থেকে কোন বাস এবং কমলাপুর রেল স্টেশন থেকে কোন ট্রেন ছেড়ে যায়নি। সদরঘাটেও কোনো নৌযান ভিড়েনি বা ছেড়ে যায়নি ।
