সিইসির বাসার সামনে দিনভর অপেক্ষায় সাংবাদিকরা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজের কাকরাইলের বাসার সামনে শনিবার দিনভর অপেক্ষা করেছেন অর্ধশত সাংবাদিক ও ফটো সাংবাদিক।
দেশজুড়ে অবরোধ শুরু হওয়ার আগ মুহূর্তে যেকোনো সময় বঙ্গভবনে সিইসির ডাক পড়তে পারে, রাষ্ট্রপতি ও তত্ত্ববধায়ক সরকার প্রধান তাকে পদত্যাগ করার অনুরোধ করতে পারেন-ইত্যাদি উড়ো খবরে সকাল থেকেই বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ও পত্র-পত্রিকার সাংবাদিকরা ভিড় জমান সিইসির বাসভবনের গেটে।
বিকাল ৪টার দিকে সব সাংবাদিক সাক্ষাত করার আগ্রহ জানিয়ে গেটে কর্তব্যরত পুলিশের মাধ্যমে ভিজিটিং কার্ড পাঠান সিইসির কাছে। প্রায় ৪৫ মিনিট অপেক্ষা করার পর সাংবাদিকরা জানতে পারেন সিইসি ভিজিটিং কার্ড গ্রহণ করেছেন; তবে সাক্ষাতদানের বিষয়ে তিনি কোনো মতামত দেননি। এ পর্যায়ে সাংবাদিকরা সেখান থেকে চলে আসতে শুরু করেন।
বিকাল ৫টার দিকে সিইসির বাসভবনের সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
