২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাউচারের কাছে ১১ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরলেন হাসিনা

অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন পুর্ণগঠনসহ ১৪ দলের ১১ দফা দাবির যৌক্তিকতা সহকারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড বাউচারের কাছে তুলে ধরলেন শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2006, 05:55 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি পররাষ্ট্রমন্ত্রী বাউচার শনিবার বেলা ২ টা ২০ মিনিটে ধানমণ্ডির সুধাসদনে হাসিনার সঙ্গে দেখা করে নির্বাচনী ব্যবস্থা ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে বাউচার সাংবাদিকদের কাছে কোন মন্তব্য করেননি।

এক ঘন্টার বৈঠকের পর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, বৈঠকে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুর্ণগঠন ও ভোটার তালিকা সংশোধনসহ ১৪ দল আহুত ১১ দফা দাবি বাস্তবায়ন কেন প্রয়োজন তা তুলে ধরা হয়।

এসব দাবির যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা নিয়ে কেউ কোন প্রশ্ন তুলছেন না বলে উল্লেখ করে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য এ দাবিগুলোর ব্যাপারে দেশে ও বিদেশে ঐক্যমত সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, বিএনপি নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আশ্রয় নেওয়ায় দেশে আজ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “তাদের কথা আমাদের চেয়ে ভিন্ন কিছু না। আমরাও চাই না দেশে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হোক।”

শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, “আমাদের আশংকা বিএনপি-জামাত সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করতে পারে।”

ভোটার তালিকা সংশোধন করা সম্ভব নয় বলে নির্বাচন কমিশন সচিবের মন্তব্যের কথা উল্লেখ করে সাবের হোসেন বলেন, যে নির্বাচন কমিশন ত্রুটিপূর্ণ ভোটার তালিকা তৈরি করেছে, সেই কমিশন পুর্ণগঠন করা ছাড়া সঠিক ভোটার তালিকা প্রণয়ন সম্ভব নয়।

আলটিমেটাম নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আলটিমেটাম হিসেবে বিষয়টি না দেখে বরং দেখা উচিত আগামী তিন মাসের মধ্যে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার হচ্ছে কিনা।

তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রমে নিরপেক্ষতার ইঙ্গিত এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে উল্লেখ করে তিনি বলেন, সময় বাড়ানোর প্রসঙ্গ তখনই আসতো যদি কোন অগ্রগতি হতো।

তিনি বলেন, আমরা আশা করেছিলাম নির্বাচন নিয়ে দুপক্ষের মধ্যে যে বিরোধ রয়েছে তা কমবে। অথচ বিরোধ তো কমেইনি, বরং দূরত্ব বেড়ে গেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ, সাবেক রাষ্ট্রদূত জিয়াউদ্দিন, সাবেক সংসদ সদস্য শেখ হেলাল এবং আমেরিকান সেন্টারের জনাথন সিবরা ও মার্কিন রাষ্ট্রদূত বিউটেনিস।