ত্রিপুরায় জয়নাল হাজারীর বসবাসের আবেদন নাকচ
পলাতক আসামী হিসেবে দীর্ঘ চার বছর ধরে কলকাতায় অবস্থানকারী বহুল আলোচিত আওয়ামী লীগ নেতা জয়নাল হাজারী ত্রিপুরাতে বসবাসের অনুমতি চাইলেও ভারতীয় কর্তৃপক্ষ তার এই রাজ্য সফরের অনুমতি প্রত্যাখান করেছে।
হাজারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে দেওয়া এক একান্ত সাক্ষাতকারে বলেছেন, “আমার জন্য কলকাতায় থাকা অস্বস্তিকর হয়ে উঠেছে। বাংলাদেশে এই মুহূর্তে অনেক কিছুই ঘটছে এবং আমি এর কাছাকাছি থাকার জন্য আমার জন্মভূমি ফেনীর কাছে যেতে চাই।” তবে ভারতীয় কর্তৃপক্ষ তাকে কলকাতায় অবস্থান করতে বলেছে বলে জানান তিনি।
কলকাতা বিমানবন্দরের কাছাকাছি তার বাসভবনে বসে দেওয়া এই সাক্ষাতকারে হাজারী বলেন, “আমার মতো পলাতক আসামীদের বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে কোন বিতর্কে যেতে চায় না বলে ভারত আমাকে জানিয়েছে। তারা চায়, আমি যেন কলকাতায় চুপচাপ বসে থাকি।”
হাজারী শেখ হাসিনার সরকারের ১৯৯৬-২০০১ মেয়াদে ফেনী থেকে সাংসদ নির্বাচিত হন।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহুর্তে হাজারী ফেনী থেকে পালিয়ে যান। এরপর প্রায় এক বছর তিনি ত্রিপুরাতেই ছিলেন। এসময় তিনি বেলোনিয়া (ফেনীর কাছে) এবং রাজধানী আগরতলার মাঝামাঝি একটি জায়গায় বসবাস করেন। তার ঘনিষ্ঠ সহযোগী একরাম ও স্বপন মালাকারও তার সঙ্গে ছিলেন।
কিন্তু জওহর শাহা, দেবু বৈদ্য ও সুদীপ বর্মনসহ ত্রিপুরার কয়েকজন কংগ্রেস নেতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় ক্ষমতাসীন বামপন্থীদের সঙ্গে তার সমস্যা তৈরি হয়।
তখন দক্ষিণ ত্রিপুরার প্রভাবশালী বাম নেতা বাদল চৌধুরী হাজারীর পেছনে পুলিশ লাগিয়ে দিলে তার কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে সীমান্ত রক্ষী বাহিনী মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করা হলেও তারা আবার ত্রিপুরায় ফিরে আসতে সক্ষম হয়। গ্রেপ্তারের ভয়ে হাজারী তখন কলকাতায় পালিয়ে যান। পরে চলতি বছরের প্রথম দিকে এক সপ্তাহের জন্য তিনি ত্রিপুরায় ফিরে আসেন এবং ফেনীর কাছে বেলোনিয়া ও একিনপুর সফর করেন।
হাজারী বলেন, “ত্রিপুরা ফিরে এলেও রাজ্য কর্তৃপক্ষের কারণে আমি একেবারেই স্বস্তিতে ছিলাম না। বামপন্থীরা তখনো আমার প্রতি ক্ষিপ্ত ছিল বলে আমি বুঝতে পারি। যে কারণে আমি আবার কলকাতায় ফিরে আসি।”
কিন্তু বর্তমানে বাংলাদেশে অনেক কিছুই ঘটছে বলে তিনি আবার ত্রিপুরা ফিরতে চান বলে উল্লেখ করেন।
হাজারী বলেন, “ত্রিপুরায় থেকে আমার ক্যাডারদের সঙ্গে দেখা-সাক্ষাত ও রাজনীতি করা আমার পক্ষে অনেক সহজ। এমনকি একিনপুর ও বেলোনিয়া থেকে আমি আমার গ্রামীণের মোবাইল ফোন পর্যন্ত ব্যবহার করতে পারি। এই জায়গাগুলো ফেনীর খুবই কাছে। কিন্তু ত্রিপুরা সরকার স্পষ্ট করেই বলে দিয়েছে যে, আমি যেন কোনোরকম রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা না করি।”
নাম প্রকাশ না করার শর্তে উর্দ্ধতন এক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, “রাজ্য কর্তৃপক্ষের এই বার্তা এরইমধ্যে জনাব হাজারীর কাছে পৌঁছানো হয়েছে।” সক্রিয় রাজনীতির বাইরে থেকে তিনি যতদিন ইচ্ছা ভারতে থাকতে পারেন বলেও ওই কর্মকর্তা জানান।
প্রসঙ্গত একাধিক মামলায় অভিযুক্ত জয়নাল হাজারীকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার ভারতের কাছে বার বার অনুরোধ জানিয়ে আসছে। কিন্তু নয়াদিল্লী বার বারই ভারতে তার উপস্থিতির কথা অস্বীকার করেছে।
