২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অযোগ্য লোকের কারণেই জোট সরকার ব্যর্থ ও বিপর্যস্ত হয়েছে: কামালউদ্দিন সিদ্দিকী

সঠিক ব্যক্তিকে সঠিক দায়িত্ব না দেওয়াই বিভিন্ন খাতে গত সরকারের ব্যর্থতা ও বিপর্যয়ের মূল কারণ। বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন জোট সরকারের সবচেয়ে প্রভাবশালী আমলা বলে পরিচিত সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিনিয়র প্রতিবেদক সাজ্জাদুর রহমান নগরীর একটি হোটেলে তার সঙ্গে বিভিন্ন বিষয়ে দীর্ঘ কথপোকথন সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

ঠিক ব্যক্তিকে সঠিক দায়িত্ব না দেওয়াই বিভিন্ন খাতে গত সরকারের ব্যর্থতা ও বিপর্যয়ের মূল কারণ। বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন জোট সরকারের সবচেয়ে প্রভাবশালী আমলা বলে পরিচিত সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামালউদ্দিন সিদ্দিকী।

“জোট সরকারেও কিছু ভালো লোক ছিল, যারা বিদ্যুৎ ও জ্বালানি খাতের মতো গুরুত্বপূর্ন দায়িত্ব পেতে পারতেন। কিন্তু সরকারের এ পাঁচ বছর সময়ে তা করা হয়নি। ভালো লোকেরা কখনোই উপযুক্ত সুযোগ পাননি,” বললেন কামাল সিদ্দিকী।

“এমনকি আমার সুপারিশও গ্রাহ্য করা হয়নি। সুপারিশ করেছি কিন্তু বাস্তবায়ন হয়নি, আমি কী করবো?”

আপনি প্রধানমন্ত্রীকে জানিয়েছিলেন? এ প্রশ্নের জবাবে সিদ্দিকী বলেন, “ আমি অনেকবার বলেছি, কিন্তু এরপরও কোন লাভ হয়নি”।

নিজের ক্ষমতা সম্পর্কে সাবেক মূখ্য সচিব বলেন, “টেলিভিশনে আমাকে প্রধানমন্ত্রীর পাশে দেখে লোকে আমাকে ক্ষমতাবান ভাবতো। কিন্তু সেখানে আমার চেয়েও অনেক বেশি প্রভাবশালী লোক ছিলেন। আপনারা কি তাদের সম্পর্কে জানতেন না?”

তিনি বলেন, “আমি যদি সত্যিই প্রভাবশালী হতাম, তাহলে পরিস্থিতি ভিন্নরকম হতো। আল¬াহর কসম আমার সুপারিশগুলো যদি আংশিকভাবেও বাস্তবায়ন হতো তাহলে এ বিপর্যয় হতো না। প্রধানমন্ত্রীকে আমি আমার এ হতাশার কথা বলেছি ।”

তিনি আরো বলেন, আমি যদি সত্যিই একজন প্রভাবশালী ব্যাক্তি হয়ে থাকতাম, তাহলে মেয়াদ শেষ হওয়ার দেড় মাস আগেই অব্যাহতি চেয়ে আমি আবেদন করা সত্তেও আমার চুক্তি বাতিল করা হতো না।

নিজের একজন সহকর্মী সম্পর্কে সাবেক এ সচিব বলেন, “প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব শামসুল আলম একজন গাঁটকাটা চোর ও ‘ক্রিমিনাল গ্যাংস্টার’। তার শাস্তি হওয়া উচিত”।

ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, “শামসুল আলমকে শাস্তি দিতে আমি ব্যর্থ হয়েছি, তাছাড়া আপনারা সকলেই জানেন তার ক্ষমতার উৎস কোথায়”।

তবে একটানা ৩৮ বছর সরকারী চাকুরী করা এই সাবেক আমলা নিজের সম্পর্কে বলতে গিয়ে বললেন, “ আমার মতো মুখ্য সচিব বাংলাদেশের ইতিহাসে পাবে না, সব তো মুরগীর বাচ্চা, ছাগলের বাচ্চা”।

বিদ্যুত খাতের বিপর্যয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের দ্বারা তাকে যেভাবে দায়ী করা হচ্ছে সেসকল অভিযোগ অস্বীকার করে বলেন, জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রী একেএম মোশাররফ হোসেন এবং ইকবাল হাসান মাহমুদের চার বছরের মেয়াদে দেশের বিদ্যুৎ খাতের চরম ব্যর্থতার উন্নতি করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে গত বছরের মে মাসে যে কমিটি হয় তার চেয়ারম্যান ছিলাম আমি।

কামাল সিদ্দিকী বলেন, “দুর্নীতি এবং সরকারের ব্যর্থতার জন্য আমাকে দায়ী করা চরম অসৌজন্যকর হবে.... আমি কোন দরপত্র প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলাম না।

কাজের আরো বেশি উত্তম সমন্বয়ের জন্য আমি প্রায় ৪০ টি মন্ত্রণালয়ের কাজ দেখাশোনা করতাম জানিয়ে তিনি বলেন, “ সমন্বয় ও নীতিমালা প্রণয়ন করতে পারে এমন কেউ সরকারে ছিলো না”।

“আমিই সেই ব্যাক্তি যিনি বিগত সরকারের মেয়াদকালে পিআরএসপি, ক্ষুদ্র ঋণ (এসএমই) ও আর্সেনিক, বিওটি এবং আইসিটি নীতিমালাসহ অধিকাংশ নীতিমালা প্রণয়ন করেছি, অন্য কেউ নয় বলে সাবেক আমলা দাবি করেন।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ আমার জান দিলেও আমি আর জীবনে কখনো মুখ্য সচিব হবো না”।

“আমি একজন মুক্তিযোদ্ধা, রাজাকার নই। আমি ভেসে আসিনি যে আমার বিরুদ্ধে যে যা ইচ্ছে তাই বলবে”।

দেশ ত্যাগের খবর অস্বীকার করে সিদ্দিকী বলেন, “আমি কোথাও যাচ্ছি না। তবে জাতিসংঘের একটি কমিটির সদস্য হওয়ার কারণে আমি বছরে তিন বার জেনেভাতে যেয়ে থাকি”।

রসায়নের ছাত্র হলেও কামাল সিদ্দিকী অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি নেন। অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ের উপর ৩৯ টি বইয়ের লেখক সিদ্দিকী বলেন, “এখন থেকে বই লেখার দিকে আমি আরো বেশি মনযোগ দেবো”।