সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সিইসিকে অপসারণ করুন: রাষ্ট্রপতির প্রতি অলি
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে সিইসিকে অপসারণ করার জন্য রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে দাবি জানিয়েছে অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির সাবেক নেতা অলি আহমেদ সাংবাদিকদের বলেন, “এমএ আজিজ একজন মিথ্যাবাদী”।
সিইসিকে সরানোর বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের অনুরোধের বিষয়টি আবারও উল্লেখ করে অলি বলেন, “এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে একজন বিচারক এভাবে মিথ্যা বলতে পারেন”।
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকে সঙ্গে নিয়ে গঠিত নতুন রাজনৈতিক ধারার অন্যতম প্রতিষ্ঠাতা অলি আহমেদ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আরও রদবদলের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন।
প্রশাসনে ইতোমধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে ধন্যবাদ দেন। সাবেক সরকারের আমলে নিয়োগ পাওয়া প্রশাসনের উচ্চপদে আসীন কর্মকর্তাদের ওএসডি করার জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।
অলি বলেন, এলডিপির নেতৃবৃন্দ ও কর্মীরা রাষ্ট্রপতিকে নিরপেক্ষতা প্রমাণের জন্য আগামী রোববার পর্যন্ত সময় বেঁধে দিচ্ছেন। তিনি বলেন, ১০ দিন পেরিয়ে গেলেও নিরপেক্ষতা পমাণে রাষ্ট্রপতি কোনো ভূমিকা রাখতে পারেননি। অথচ এর আগের তত্ত্বাবধায়ক সরকারগুলোর প্রথম ২৪ ঘন্টার কাজেই নিরপেক্ষতার দিকটি ফুটে উঠেছিল। উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটও একই সময়সীমা বেঁধে দিয়েছে।
ওই প্রতিনিধিদলে আরও ছিলেন এলডিপির মহাসচিব আব্দুল মান্নান, সাবেক বিদ্যুৎ মন্ত্রী আনোয়ারুল কবীর তালুকদার ও দলের শীর্ষ নেতৃবৃন্দ।
