২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছে ইইউ প্রতিনিধি দল

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও রাজনৈতিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

বুধবার সন্ধ্যায় বনানীতে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় ‘হাওয়া ভবন’-এ ইইউ এর তিন সদস্যের একটি প্রতিনিধি দল খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎকালে এ গুরুত্ব আরোপ করেন।

বৈঠক শেষে প্রতিনিধি দলের নেতা জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক ম্যাকে সাংবাদিকদের বলেন, “আগামী নির্বাচন অবাধ ও স্ষ্ঠুু করার বিষয় নিয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। আমরা তাঁকে জানিয়েছি, নির্বাচনের তিন কি চার সপ্তাহ আগে আমরা পর্যাপ্ত পর্যবেক্ষক পাঠাবো।”

সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান উপস্থিত ছিলেন।

ইইউ এর প্রতিনিধি দলে আরও ছিলেন ইইউ এর রাষ্ট্রদূত স্টিফেন ফ্রয়েন এবং নেদারল্যান্ড এর রাস্ট্রদূত।

বৈঠকের পর জার্মান রাষ্ট্রদূত ম্যাকে সাংবাদিকদের বলেন, “আমরা বাংলাদেশে একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। সেজন্য আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছি। এরই ধারাবাহিকতা হিসেবে আমরা আজ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছি।

ম্যাকে আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আওয়ামী লীগ ও বিএনপির মতো প্রধান দলগুলোর মধ্যে ঐক্যমত থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হতে পারে।”

ইইউ রাষ্ট্রদূত ফ্রয়েন সাংবাকিদের জানান, নির্বাচন শুরুর চার থেকে পাঁচ সপ্তাহ আগে পর্যবেক্ষকরা জাতিসংঘের স্ট্যান্ডার্ড অনুযায়ী এই পর্যবেক্ষকদের বাংলাদেশে পাঠানো হবে।

মোরশেদ খান বলেন, “ইইউ প্রতিনিধিরা খালেদা জিয়ার কাছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সযোগিতা চেয়েছেন। আমরা তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছি।” তিনি বলেন, ইউউ ১৩০ জন পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাব দিয়েছে। আমরা আরও বেশি সংখ্যক পর্যবেক্ষক পাঠাতে অনুরোধ করেছি।

এদিকে ইইউ প্রতিনিধিরা সাম্প্রতিক সময়ের সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, নির্বাচনের সময়ও যদ তা অব্যাহত থাকে তবে অবাধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।

এর আগে গত ৫ নভেম্বর ইইউ প্রতিনিধি দল রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং এর পরের দিন জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।