এরশাদ জোটে না যাওয়ায় নতুন কৌশল ভাবছে বিএনপি
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ চার দলীয় জোটে যোগ না দেওয়ায় বিএনপির নীতিনির্ধারকরা এখন নতুন করে হিসাব-নিকাশ করছেন।
তবে পরিবর্তিত কৌশল সম্পর্কে এখনই মুখ খুলছেন না তারা। বিএনপির একাধিক নীতি নির্ধারক বলেছেন, এরশাদ চার দলে যোগ না দেওয়ায় নির্বাচনে কোন প্রভাবই পড়বে না।
দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম – কে বুধবার বলেছেন, চার দল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক জোট। ২০০১ সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ জনগণ চার দলকে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী করেছেন। তিনি বলেন, ‘‘চার দলে এরশাদ সাহেব আসা না আসার বিষয়টি একান্তই তাঁর ব্যক্তিগত। এ বিষয়ে আমাদের মন্তব্য করা উচিত নয়। ২০০১ সালের নির্বাচনে তিনি এসে আবার চলে গেছেন, এতে জোটের কোনো ক্ষতি হয়নি।’’ তিনি মনে করেন, চার দলের মূলশক্তি জাতীয়তাবাদ ও ইসলামী আদর্শ। আগামী নির্বাচনের আগেই এই জোটের কলেবর আরো বাড়বে।
দলের অপর স্থায়ী কমিটির সদস্য কে এম ওবায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বুধবার বলেন, “এরশাদ সাহেব একজন ‘আন-প্রেডিক্টেবল ম্যান’। তাঁকে বুঝা খুব জটিল কাজ। বিএনপির নেতৃত্বে চার দলে কেউ আসতে চাইলে অবশ্যই আমরা স্বাগত জানাব। তবে কেউ না আসতে চাইলে আমাদের বলার কিছু নেই। বিএনপি কাউকে জোর করে দলে আনা কিংবা অপ-রাজনীতিতে বিশ্বাস করে না। এরশাদ সাহেব চার দলে আসার কথা বলে কেন এলেন না, তা তিনিই ভাল বলতে পারবেন। তবে এটাও ঠিক যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই।”
কিন্তু সংশি¬ষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনে জাতীয় পার্টির আসন বন্টন নিয়ে বিএনপি কোনো সমাধানে না আসায় মূলত এরশাদ পিছু হটেছেন। বিএনপির পক্ষ থেকে বৃহত্তর রংপুরসহ সিলেট, ময়মনসিংহ অঞ্চল মিলে ২৫ আসন দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। কিন্তু কুমিল্লা¬-১২ (কাজী জাফর আহমদ), খুলনা-৫ (কর্র্নেল এইচ এম গাফফার), ঢাকা-৯ (কাজী ফিরোজ রশীদ) ও বরিশাল-৬ (রুহুল আমিন হাওলাদার) আসন সমূহের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি বিএনপি। ফলে জাতীয় পার্টির সিনিয়র ওই চার নেতার আসন প্রস্তাবিত আসন বন্টনে না থাকায় এরশাদ পিছু হটেন।
বিএনপির একাধিক সাবেক সাংসদ মনে করেন যে, চার দলে এরশাদকে না আনা গেলে ভোটের হিসাবে ফলাফল ভিন্ন হতে পারে। তবে অপর একটি সূত্র জানায়, নির্বাচন হবে কি হবে না-এ নিয়েও জাতীয় পার্টিতে সংশয় রয়েছে। এমতাবস্থায় জাতীয় পার্টি দরকাষির জন্য এখনই সিদ্ধান্ত নিতে চায় না বলে এরশাদ তাঁর অবস্থান পরিস্কার করেছেন।
পার্টির একজন সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, “আমরা এখনই সিদ্ধান্ত নিতে চাই না। এরশাদ চার দলে যাবেন বলে রাজনৈতিক অঙ্গনে একটা গুজব ছিল। কিন্তু এটা সঠিক নয় বলে এরশাদ তাঁর সিদ্ধান্ত দিয়েছেন। নির্বাচনের তফসিল হলে আমরা ঠিক করব একক না জোটগতভাবে নির্বাচন করব।”
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, এরশাদ সাহেব বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত। জাতীয় পার্টি সারা দেশে ৩০০ আসনে নির্বাচন করতে সক্ষম। এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন যে, তাঁদের কেবল চার দল নয় ১৪ দলেও যাওয়ার আমন্ত্রণ আছে।
