সিইসিকে সরে যাওয়ার নির্দেশ দিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে সুশীল সমাজ
দেশের স্বার্থে প্রধান নির্বাচন কমিশনার এমএ আজিজকে সরে যাওয়ার নির্দেশ দিতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের প্রতি আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা।
তারা বলছেন, আজিজের পদত্যাগ দেশের শিশু গণতন্ত্র ও অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করবে।
সুশীল সমাজের শীর্ষ প্রতিনিধিদের অনেকেই বলেন, এমএ আজিজের অধীনে শান্তিপূর্ণ নির্বাচন যে হতে পারে না তা পরিষ্কার।
এ প্রসঙ্গে শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে মঙ্গলবার বলেন, “সিইসি হয়তো রাষ্ট্রপতির অনুরোধ ফেলবেন না।”
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য এ মুহূর্তে তার পদত্যাগ খুবই জরুরি। কিন্তু প্রধান নির্বাচন কমিশনারের পদটি ধরে রাখতে তিনি এতোটাই জেদ ধরেছেন যে তিনি হয়তো রাষ্ট্রপতির অনুরোধও ফিরিয়ে দিতে পারেন। তাকে অন্য কোনো উপায়ে পদত্যাগে বাধ্য করতে হবে।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হক বলেন, “রাষ্ট্রপতি তাঁর অনুরোধ জানিয়ে সিনিয়র উপদেষ্টাদের আজিজের কাছে পাঠাতে পারেন। তাতে তিনি রাজি না হলে তাকে অন্য কোনোভাবে হলেও সরিয়ে দিতে হবে।”
প্রসঙ্গত, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে বিতর্কিত ব্যক্তি হিসেবে পরিচিত আজিজকে তত্ত্বাবধায়ক সরকারের এক উপদেষ্টা পদত্যাগ করার আহ্বান জানালেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তবে কোনো উপদেষ্টা তাকে এ আহ্বান জানিয়েছেন কিনা এমন কথা আজিজ অস্বীকার করেছেন।
এ ছাড়া আওয়ামী লীগ ও তত্ত্বাবধায়ক সরকারের কয়েকজন উপদেষ্টা আজিজকে পদত্যাগের আহ্বান জানালেও সোমবার তিনি সে সম্ভাবনার কথাও নাকচ করে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আতিউর রহমান বলেন, রাষ্ট্রপতি যেহেতু তত্ত্বাবধায়ক সরকারেরও প্রধান তাই তাঁরই উচিত এ ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ করা। তিনি বলেন, রাষ্ট্রপতি তাকে পদত্যাগের জন্য একটি সময়সীমা বেঁধে দিতে পারেন।
আতিউর রহমান আরও বলেন, আজিজ যদি পদত্যাগ না করেন তবে তাকে সব ধরনের প্রশাসনিক সহায়তা দেওয়া বন্ধ করে দেওয়া যেতে পারে। যে ব্যক্তি সবসময় অসংলগ্ন আচরণ করেন তার পক্ষে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো এতো বড় দায়িত্ব পালন করা কোনোভাবেই সম্ভব না।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী অবশ্য এ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।
উল্লেখ্য, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট প্রধান নির্বাচন কমিশনার ও তার তিন সহযোগীকে সরিয়ে দেওয়াসহ নির্বাচন কমিশন সংস্কারে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।
