২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইজিপির বিরুদ্ধে তাহের হত্যা মামলার বাদীর অভিযোগ

পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের সাবেক প্রতিনিধি খোদা বখস চৌধুরী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলার আসামী শিবির সভাপতি সালেহীর বিরুদ্ধে চার্জশিট না দেয়ার জন্য প্রভাব খাটিয়েছেন বলে মামলার বাদী অভিযোগ করেছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2006, 08:19 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলের প্রতিনিধির দায়িত্ব পালনের সময় তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের পক্ষে চার্জশিট আটকে রাখতে ভূমিকা রেখেছিলেন বলেও মামলার বাদী সানজিদ ওলভি আহমেদ অভিযোগ করেন।

দ্রুত চার্জশিট না দিয়ে সময় ক্ষেপনের মাধ্যমে সালেহীকে বাঁচানোর চেষ্টা অব্যাহত রাখা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তিনি আদালতের আশ্রয় নেবেন বলেও সাংবাদিকদের জানান।

নিহত অধ্যাপক ড. এস তাহের আহমেদের ছেলে সানজিদ ওলভি আহমেদ বলেন, আসামীদের গ্রেপ্তার এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়া সত্ত্বেও পুলিশ প্রায় ৪ মাস ধরে চার্জশিট দিচ্ছে না। চার্জশিট জমা দেয়ার প্রস্তুতি নেয়া হলেও পুলিশের তৎকালীন অতিরিক্ত আইজি খোদা বখসের মৌখিক নির্দেশের কারণে তদন্ত কর্মকর্তা এসআই কবির মামলার এম ই (মেমো অব এভিডেন্স) এখনো দাখিল করতে পারছেন না।

এছাড়া বর্তমান মহাপরিদর্শক হিসেবে প্রভাবমুক্ত ও নিরপেক্ষ অবস্থান নিয়ে দ্রুত চার্জশিট জমা দেয়ার ব্যবস্থা করার জন্যও তাঁর প্রতি অনুরোধ জানান সানজিদ ওলভি।

তিনি অভিযোগ করেন, এর আগে সালেহীকে বাঁচাতে মামলাটি সিআইডিতে নেয়ার চক্রান্ত চালানো হয়েছিল।

তিনি বলেন, হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী এবং হত্যা মিশনে সালেহীর অংশ নেওয়ার বিষয়টি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দীতে স্বীকারও করে মামলার দুই আসামী জাহাঙ্গীর ও নাজমুল । কিন্তু মামলার আসামী ও শিবির সভাপতি সালেহী তখন প্রকাশ্যে মিছিল সমাবেশ করে যাচ্ছিলেন। এমন কি, সালেহীকে গ্রেপ্তার করা হলে দেশ অচল করে দেয়া হবে বলে ১০ ফেব্রুয়ারী বিকেলে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে জামায়াত-শিবিরের এক সমাবেশ থেকে হুমকি পর্যন্ত দেয়া হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনও একই ভাবে সালেহীকে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধুমাত্র দলীয় প্রভাবের কারণে এক দিনও ক্লাস না করে পরীক্ষার সুযোগ পান সালেহী। পুলিশ তখন তাকে ধরিয়ে দিতে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার লিখিতভাবে অনুরোধ জানায়। কিন্তু উপাচার্য উল্টো বিশেষ ক্ষমতায় তাকে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেন। এই অনুমতির সুযোগে হাইকোর্ট থেকে জামিন নেয় সালেহী। আর এ সবের পেছনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বর্তমান আইজিপি খোদা বখসের হাত আছে বলেও অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের এএসআই আচানুল কবির হোসেন অবশ্য বলেছেন, অতি দ্রুত চার্জশিট দেওয়া হবে।

কিন্তু গত পাঁচ মাসেও চার্জশিট কেন দাখিল করা হয়নি-এই প্রশ্নের জবাব দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।

একই বিষয়ে এসবির অতিরিক্ত আইজি নাইম আহমেদ বলেন, রাজশাহীতে তার দায়িত্ব পালনের সময়ই মামলা চূড়ান্ত অগ্রগতি অর্জিত হয়। কিন্তু চার্জশিট দাখিলের আগ মুহূর্তে তিনি রাজশাহীর পুলিশ কমিশনারের দায়িত্ব থেকে রাজশাহী রেঞ্জের ডিআইজির দায়িত্ব পান। পরে ডিএমপি কমিশনার পদে দায়িত্ব নেয়ার ৬ ঘন্টা পর তাকে এসবির অতিরিক্ত আইজি হিসেবে বদলি করা হয়।

এদিকে খোদা বখস তাঁর বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমি বর্তমানে আগের চেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছি। তাছাড়া দেশও অতিক্রম করছে গুরুত্বপূর্ণ একটি সময়ের ভেতর দিয়ে। এ সময় এ নিয়ে আমি কোন কথা বলতে চাই না। পরে যোগাযোগ করলে এ ব্যাপারে বিস্তারিত কথা বলা যাবে।”