পদত্যাগ করছেন না সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এ আজিজের সঙ্গে সোমবার প্রায় ঘন্টাব্যাপী একান্তে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস। তবে রুদ্ধদ্বার এই বৈঠক নিয়ে সিইসি ও মার্কিন রাষ্ট্রদূত দুজনই পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।
বিকেল ৪ টা থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, “আমি নির্দিষ্টভাবে ১৪ দলের দাবি সম্পর্কে সিইসির মতামত জানতে চেয়েছি। তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করে, সে বিষয়েও কথা বলেছি।”
তবে সিইসি বলেছেন,“এসব বিষয়ে কোনো আলোচনা হয়নি। মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের অগ্রগতি জানতে চেয়েছেন। সে বিষয়ে আমাদের কথা হয়েছে।”
পদত্যাগের প্রশ্নে সিইসি বলেন, “আমার পদত্যাগ করার কোনো ইচ্ছা নেই। ইনশাল্লাহ এই নির্বাচন কমিশনের অধীনেই যথাসময়ে নির্বাচন হবে।”
বিউটেনিস প্রথম দফায় আধঘন্টা সিইসি, অপর তিন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান, স ম জাকারিয়া ও মাহমুদ হাসান মনসুর এবং কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের সঙ্গে বৈঠক করেন। এরপরে ২০ মিনিট শুধুমাত্র সিইসির সঙ্গে দ্বিপক্ষীয় রুদ্ধদ্বার বৈঠকে বসেন।
বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত সাংবাদিকদের আরো বলেন, “আমি সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছি। এরই ধারাবাহিকতায় সিইসির সঙ্গে সাক্ষাত করেছি। নির্বাচনের পরিস্থিতি কি হতে পারে সে বিষয়ে আমি কমিশনের সাথে কথা বলেছি। নির্বাচন পর্যবেক্ষণ করতে বিদেশী পর্যবেক্ষকরা আসছেন। কমিশন যেন তাদের সহায়তা করে সে বিষয়েও আলোচনা হয়েছে।”
পরে সিইসি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, “কোনো উপদেষ্টার সঙ্গে আমার কোনো কথা হয়নি। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ছাড়া অন্য কারো সঙ্গে আমার সাক্ষাতও হয়নি।”
পত্র-পত্রিকায় এ সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “পত্রিকায় তো অনেক কিছুই লেখে; আমি তো পত্রিকায় লিখি না।”
