রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সচিবালয় আলাদা করুন: ১৪ দল
রাষ্ট্রপতির সচিবালয় ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সচিবালয় আলাদা করার জন্য রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদের প্রতি আহবান জানিয়েছে ১৪ দল।
রাষ্ট্রপতির কার্যালয়ে বিএনপি মনোনীত কর্মকতারা এখনো কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগও করেন দলের নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ধানমন্ডির দলীয় কার্যালয়ে ১৪ দল আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোমবার বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতির উচিত প্রধান উপদেষ্টার সচিবালয় থেকে কার্যক্রম পরিচালনা করার মধ্য দিয়ে নিজের নিরপেক্ষতা প্রমান করা ।
আবারো প্রধান নির্বাচন কমিশনারের পদত্যার দাবি করে ১৪ দলের সমন্বয়ক বলেন, “আমাদের মনে হয় প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ মানসিকভাবে অসুস্থ।”
তিনি বলেন, গত সরকারের মন্ত্রীরাই বলেছিলেন তিনি সুস্থ নন, আর এখন চারদল তাদের সুর পাল্টে ফেলেছে।
প্রধান নির্বাচন কমিশনারকে পদ আকঁড়ে ধরে থাকার জন্য বিএনপি-জামায়াত এখনো মদদ জোগাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ষড়যন্ত্রের নির্বাচন করার জন্য চারদল এভাবে অন্তরায় সৃষ্টি করায় সমস্যা আরো ঘনীভূত হয়েছে।
১৬৪ ধারায় বাংলা ভাই ও শায়খ আব্দুর রহমানের জবানবন্দী গ্রহণ করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা জবানবন্দী দেওয়ার চেষ্টা করলেও গত সরকার তা নেয়নি।
তিনি আরো বলেন, তাদের জবানবন্দী নেওয়া হলে জঙ্গি তৎপরতা সম্পর্কে অনেক অজানা তথ্য বেরিয়ে আসতো।
অবিলম্বে সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবি জানিয়ে জলিল বলেন, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল চলছে, তবে সব লোক দেখানো। কেননা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনের যে সব কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা দরকার, তা করা হচ্ছে না।
বিয়ামের মহাপরিচালক শহীদুল আলম, বিটিআরসির চেয়ারম্যান ওমর ফারুক, আইন সচিব, বিদ্যুৎ সচিব ও রেডক্রিসেন্ট চেয়ারম্যানসহ বেশকিছু চুক্তিভিত্তিক নিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনে নিয়োজিত এ ধরনের বিএনপি সমর্থিত লোকদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়নি।
তিনি আরো বলেন, রেডিও টেলিভিশনের মতোই সরকার অদৃশ্য শক্তি দ্বারা পরিচালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক, সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ সেলিম ও সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া।
