নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে বাধা
নির্বাচন কমিশন সচিবালয়ে প্রায় তিন ঘন্টা সাংবাদিকদের প্রবেশ করতে না দিয়ে নজির সৃষ্টি করলো কমিশন।
প্রায় অর্ধশত সাংবাদিক রোববার সকাল ৯ টা থেকে প্রায় তিন ঘন্টা কমিশন সচিবালয়ের গেটে অপেক্ষা করেন। নিরাপত্তা প্রহরীরা তাদের জানান, সাংবাদিকদের ভেতরে প্রবেশ করার অনুমতি নেই।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা আসাদুজ্জমানকে বিষয়টি জানানো হলে তিনি বলেন, ‘এটি কমিশনের সিদ্ধান্ত। এ বিষয়ে আমার করার কিছু নেই।’ হঠাৎ কমিশন কেন এ ধরনের সিদ্ধান্ত নিলো, তা জানতে চাওয়া হলে আসাদুজ্জামান কোনো সদুত্তর দিতে পারেননি।
কমিশন সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের বাধাদানের খবরটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সকালেই প্রচার করে। কয়েকটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেও প্রচারিত হয় এই সংবাদ।
বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে নির্বাচন কমিশনার স ম জাকারিয়া কমিশন সচিবালয়ের গেটে এসে সাংবাদিকদের ভেতরে প্রবেশ করার অনুরোধ জানান।
সাংবাদিকদের উদ্দেশ্যে তখন তিনি বলেন, “ইউ আর ফ্রি টু মুভ অ্যারাউন্ড।” দীর্ঘক্ষণ কমিশন সচিবালয়ে প্রবেশ না করতে দেওয়ার বিষয়ে সাংবাদিকদের অভিযোগের জবাবে তিনি বলেন, “প্লিজ, ডোন্ট মাইন্ড।”
পরে এ বিষয়ে কমিশন সচিব আব্দুর রশীদ সরকারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “আমি বিষয়টি জানতাম না। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য আমি কমিশনের বাইরে ছিলাম। তবে বিষয়টি শুনেছি, সত্যিই এটি দুঃখজনক।”
এ ঘটনা নির্বাচন কমিশনের অস্থিরতার বহিঃপ্রকাশ কি না-তা জানতে চাওয়া হলে সচিব বলেন, “না, কমিশনে কোনো অস্থিরতা নেই।”
