প্রশাসনে আরও কয়েকটি পদে রদবদল
জনপ্রশাসনে ব্যাপক রদবদলের অংশ হিসেবে সংস্থাপন মন্ত্রণালয়ের নয়জন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি-উপসচিব) রোববার বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ণ করা হয়েছে।
একইসঙ্গে দুই উপসচিবকে ওএসডি এবং আরো সাত উপসচিবের দপ্তর রদবদল করা হয়েছে।
ওএসডি উপসচিবদের মধ্যে শহীদুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ে, সরাফউদ্দিন আহমেদ ও হাবিবুল ইসলামকে ভূমি মন্ত্রণালয়ে, নাসরিন আখতার ও আফরোজা বেগমকে শিক্ষা মন্ত্রণালয়ে, আবুল বাশার ও আব্দুল হামিদকে কৃষি মন্ত্রণালয়ে, আল আমিন মোস্তাফিজুর রহমানকে বিয়ামের পরিচালক এবং মাহমুদা আক্তারকে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক পদে পদায়ন করা হয়েছে।
উপসচিব পদমর্যাদার কর্মকর্তা শরীয়তপুর জেলা পরিষদের সচিব উত্তম কুমার মন্ডল ও মেহেরপুর জেলা পরিষদের সচিব খিজির আহমেদকে সংস্থাপন মন্ত্রণালয়ে ওএসডি করা হয়েছে।
এ ছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব নওশের আহমেদ চৌধুরীকে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ে, জীবন বীমা করপোরেশনের মহাব্যবস্থাপক মাহাবুব উল আলমকে কৃষি মন্ত্রণালয়ে, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার আতিয়ার রহমানকে সংস্থাপন মন্ত্রণালয়ে, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব এএফএম ফারুক হোসেনকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বদলি, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ পরিচালক অনন্ত কুমার চৌধুরীকে পদোন্নতি দিয়ে একই দপ্তরের পরিচালক এবং রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের উপসচিব আব্দুল কাদেরকে বিয়ামের পরিচালক পদে বদলি করা হয়েছে।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব বি এম কামালকে জীবন বীমা কর্পোরেশনের মহাপরিচালক হিসেবে এবং মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন কামালকে ঢাকা সিটি কর্পোরেশনের পরিবহন বিভাগের মহাব্যবস্থাপক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এদিকে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফকে ওএসডি করার জন্য আদেশ জারি করা হলেও তা বাতিল করা হয়েছে।
