হিজলায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতার মৃত্যু
বরিশালের হিজলা উপজেলায় ২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় আহত যুবদল নেতা দীন ইসলাম (২৬) চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে মারা গেছেন।
হিজলা-গৌরনদী ইউনিয়নের একতা বাজারে বিএনপির সাবেক সাংসদ মোশাররফ হোসেন মঙ্গু এবং কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নাল আবেদীন গ্রুপের মধ্যে ওই সংঘর্ষ হয়।
হিজলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিজলা-গৌরনদীর ইউপি চেয়ারম্যান গাফফার তালুকদার জানিয়েছেন, নিহত যুবক তার ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ চরদেবুলা শাখার যুবদলের সাধারণ সম্পাদক।
গত ২৮ অক্টোবর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একতা বাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে দীন ইসলাম গুরুতর আহত হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার ভোরে তিনি মারা যান।
সাবেক সাংষদ মঙ্গু জানান, দীন ইসলাম হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে রোববার বিকেলে একতা বাজারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে জয়নাল গ্রুপের সার্জেন্ট (অব.) আনোয়ার হোসেন দুলাল বলেছেন, দীন ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করে মঙ্গু রাজনৈতিক মাঠ দখলের চেষ্টা চালাচ্ছে। নিহত দীন একতা বাজারে মুরগী বিক্রেতা হিসেবে পরিচিত উল্লেখ করে তিনি বলেন, যুবদলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
