২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ দলকে গজারি লাঠি দিয়ে প্রতিহত করা হবে: সর্বদলীয় ছাত্র ঐক্য

সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা শনিবার এক সমাবেশে ১৪ দলীয় জোটকে হুমকি দিয়ে বলেছেন, এখন থেকে বৈঠা-লগিসহ তাদের যখন যেখানে দেখা যাবে সেখানেই গজারি লাঠি দিয়ে প্রতিহত করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 11:52 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের ছাত্র সংগঠনগুলোর জোট সর্বদলীয় ছাত্র ঐক্য রাজধানীর মুক্তাঙ্গনে বিকেলে সমাবেশ করে। সমাবেশে ছাত্র ঐক্য নেতারা বলেন, কোথাও লগি-বৈঠাসহ দেখা গেলে আওয়ামী লীগ নেতাদের শুধু মুজিব কোটই নয়, তাদের পিঠের চামড়াও তুলে নেওয়া হবে।

ছাত্রদল সভাপতি আজিজুল বারি হেলালের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র শিবির সভাপতি শফিকুল ইসলাম মাসুদ। সমাবেশে ছাত্রদল ও শিবির ছাড়াও জাতীয় ছাত্র সমাজ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিশ ও ইসলামী ছাত্র মোর্চা নেতারা বক্তব্য রাখেন। তারা দলীয় পক্ষপাতিত্বের অভিযোগ এনে তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা সুলতানা কামাল ও সি এম শফি সামির পদত্যাগ দাবি করেন।

ছাত্রদল সভাপতি আজিজুল বারি হেলাল বলেন, “তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের দাবির কাছে নতি স্বীকার করে নির্বাচন কমিশন সংস্কার ও কর্মকর্তাদের পরিবর্তন করলে আমরা তা সহ্য করব না।”

তিনি বলেন, “যদি আওয়ামী লীগের কাউকে কোথাও লগি-বৈঠাসহ দেখা যায় গজারি লাঠি দিয়ে তাদের প্রতিহত করা হবে। সেই সাথে শুধু তাদের মুজিব কোটই ছিঁড়ে ফেলা হবে না, পিঠের চামড়াও তুলে নেয়া হবে।”

ছাত্রদল সভাপতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে “মাথা মোটা মহিলা” এবং তিনি ও তার ছেলে জয়কে নেশাগ্রস্ত বলে আখ্যা দেন।

শিবির সভাপতি শফিকুল ইসলাম মাসুদ বলেন, “আমরা ২০০১ সালে নেওয়া ট্রেনিং ভুলিনি। আওয়ামী লীগ এর পর একটা ভুল করলে তাদের ক্ষমা করা হবে না বরং উচিৎ শিক্ষা দেওয়া হবে।”

গত ২৮ অক্টোবরের সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, “১৪ দলীয় জোট এক শিবিরকে মোকাবেলা করতেই ব্যর্থ হয়েছে, সর্বদলীয় ছাত্র ঐক্যকে মোকাবেলা করার সামর্থ তাদের নেই।”

শিবির সভাপতি বলেন, ১১ নভেম্বরের পর আর যদি লগি-বৈঠাসহ কাউকে দেখা যায় তাহলে সুধা সদন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ করে দেওয়া হবে।

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাইফুল ইসলাম বলেন, এর পর থেকে আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি ভেঙে-চুরে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে।

ছাত্র ঐক্য নেতারা সুলতানা কামাল ও শফি সামির পদত্যাগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারসহ নয় দফা বাস্তবায়নের দাবি জানান।

তারা আগামী ৯ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত থানা পর্যায়ে এবং ১৬ থেকে ২০ নভেম্বর পর্যন্ত জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। এছাড়াও এই সময়ের মধ্যে তাদের দাবি মানা না হলে তারা তত্ত্বাবধায়ক সরকারের কাছে স্মারকলিপি পেশসহ আরো কঠোর কর্মসূচি নেবেন বলেও হুমকি দেন।