২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার সালামকে বিএনপি থেকে বহিষ্কার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে খন্দকার আবদুস সালামকে বহিষ্কার করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2006, 07:57 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

দলীয় সিদ্ধান্ত অমান্য, শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে গঠনতন্ত্রের ৫ (গ) ধারা অনুযায়ী সালামকে বহিষ্কার করা হয়। বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভুঁইয়া গত ২ নভেম্বর এই বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন।

তবে দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য চৌধুরী তানবীর আহম্মদ সিদ্দিকীর সাথে গাজীপুর-১ (শ্রীপুর-কালিয়াকৈর) আসনের মনোনয়ন নিয়ে বিরোধে খন্দকার সালামকে বহিষ্কার করা হয় বলে গাজীপুরের রাজনৈতিক মহলের ধারণা।

খন্দকার সালামের বহিষ্কারের খবরে স্থানীয় বিএসপি নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।

তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শ্রীপুর থানা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে বহিষ্কার করার খবরে বিস্ময় প্রকাশ করেন।

তিনি বলেন, দলের মনোনয়ন প্রার্থী হয়ে জনসংযোগ করলে যদি শৃঙ্খলা ভঙ্গ হয় তবে দল করাই মুশকিল হয়ে যাবে। দলে ভিন্নমত থাকতেই পারে।

শনিবার দুপুর ও বিকেলে বেশ কয়েকবার মোবাইল ফোনে খন্দকার আবদুস সালামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যক্তিগত সহকারী আশরাফ সিদ্দিকী জানান, নেতা ব্যস্ত আছেন এবং কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক করছেন।