বোমা হামলা ও জঙ্গিদের মদদদাতাদের শাস্তি দিন: হাসিনা
চারদলীয় জোট সরকারের আমলে সারা দেশে বোমা হামলা ও জঙ্গিদের মদদদাতাদের খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্যে হাসিনা বলেন, “গত পাঁচ বছরে বিএনপি ও জামাতের যেসব নেতা জঙ্গিদের মদদ দিয়েছেন তাদের এখনই গ্রেফতার করে জেলে পাঠান”।
শুক্রবার পল্টনে ১৪ দলের মহাসমাবেশে বর্ক্তৃতাকালে হাসিনা এ দাবি জানান।
তিনি বলেন, গত বছর দেশব্যাপী বোমা হামলার নায়ক জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান এখনও সাব জেলে বহাল তবিয়তে আছেন। শায়খ রহমানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোরও দাবি জানান তিনি।
গত বছরের জঙ্গিবিরোধী অভিযানের আগে বিভিন্ন সময় গণমাধ্যমে জেএমবির নাশকতা সম্পর্কে রিপোর্ট প্রকাশিত হলেও সরকারের সর্বোচ্চ মহল, চারদলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ এবং পুলিশ কর্মকর্তারা জেএমবির অস্তিত্বকে অস্বীকার করে আসছিলেন। তবে শেষ পর্যন্ত তাদের (জেএমবির) অস্তিত্বের কথা স্বীকার করতে তারা বাধ্য হন।
