কাপাসিয়ায় আ. লীগের নির্বাচনী বিলবোর্ড ভাংচুর, বিএনপি নেতা আটক
কাপাসিয়ায় স্থানীয় ছাত্রলীগের একটি নির্বাচনী ইলেকট্রনিক বিলবোর্ড ভাংচুরের ঘটনায় বৃহস্পতিবার আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপি নেতা সাইফুল মোল্লাকে পুলিশে সোপর্দ করেছেন।
সাইফুল মোল্লা উপজেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি।
আওয়ামী লীগ নেতা-কর্মীরা জানান, সম্প্রতি উদ্বোধন করা ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্তে তারা দলীয় নেত্রী শেখ হাসিনা ও সাবেক সাংসদ তানজিম আহমদ সোহেল তাজের ছবি সম্বলিত ৬ ফুট বাই ১২ ফুট আকারের একটি ইলেকট্রিক বিলবোর্ড স্থাপন করেন। বুধবার রাত ৯টার দিকে বিএনপির কয়েকজন কর্মী বিলবোর্ডের ক্ষতিসাধনের চেষ্টা করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ধাওয়া করেন।
পরে বৃহস্পতিবার সকালে বিলবোর্ডটি ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ নিয়ে সারাদিন দুই দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে।
দুপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওই এলাকা থেকে সাইফুল মোল্লাকে ধরে ব্যাপক মারধরের পর পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় বৃহস্পতিবার বিকেলে কাপাসিয়া উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বাদী হয়ে বিএনপি নেতা বাদশা, মাহবুব, সাইফুল, তৈয়বুর, জুয়েল ও সেলিমকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে গৃহীত হয়নি।
তবে ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া হোসেন।
তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতের আঁধারে ঘটনাটি ঘটেছে। এর সাথে কারা জড়িত সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
