দুই উপদেষ্টা মনে করেন সিইসির চলে যাওয়া উচিত
তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা আকবর আলী খান ও আজিজুল হক প্রধান নির্বাচন কমিশনার পদ থেকে এম এ আজিজের চলে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।
নির্দলীয় ও নিরপেক্ষ এ দুই উপদেষ্টার মন্তব্যে সিইসির চলে যাওয়ার দাবি জোরালো হয়ে উঠলো। এদিকে বৃহস্পতিবার সিইসি এম এ আজিজ সাংবাদিকদের বলেছেন, “উপদেষ্টারা অনুরোধ করলে সরে দাঁড়ানোর বিষয়টি ভেবে দেখবো”।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) অপসারণসহ নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে অন্য উপদেষ্টারা সতর্ক প্রতিক্রিয়া জানালেও অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আকবর আলী খান সিইসির সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেন।
আকবর আলী খান নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন ও কমিশনাররা হচ্ছেন রেফারি, আর রাজনৈতিক দলগুলো হচ্ছে খেলোয়াড়। খেলোয়াড়দের আস্থা না থাকলে ওই রেফারির খেলা পরিচালনা করা উচিত নয়। প্রধান নির্বাচন কমিশনারের ওপর যখন দলগুলোর আস্থা নেই, তখন তার সরে যাওয়া উচিত।
স্থানীয় সরকার উপদেষ্টা আজিজুল হক তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, “এমএ আজিজের বিষয়ে সাংবিধানিকভাবেই পদক্ষেপ নিতে হবে। এটা এককভাবে হবে না, এটা সকলকে নিয়েই করতে হবে। আমরা আজিজকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে অপসারণ করতে পারিনা, এক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। আমরা তাকে সরে যাওয়ার জন্য অনুরোধ করতে পারি”।
তিনি বলেন, এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হবে নিজেদের দুর্নীতিমুক্ত রাখা। এ বিষয়ে কর্মকর্তাদেরও নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য কাজ করতে হবে।
