উপদেষ্টা আকবর আলী খান বললেন, ‘সিইসির সরে যাওয়া উচিত’
অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আকবর আলী খান প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সরে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন।
আকবর আলী খান বলেন, ‘নির্বাচন কমিশন ও কমিশনাররা হচ্ছেন রেফারী, আর রাজনৈতিক দলগুলো হচ্ছে খেলোয়াড়। যদি কোন রেফারীর ওপর খেলোয়াড়দের আস্থা না থাকে তবে তার খেলা পরিচালনা করা উচিত নয়। প্রধান নির্বাচন কমিশনারের ওপর যখন দলগুলোর আস্থা নেই, তখন তার সরে যাওয়া উচিত।’
দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে প্রথম দিন কাজ করতে গিয়ে সংশ্লিষ্ট সচিবদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আকবর বলেন, ‘রাজনৈতিক দলগুলো আগামী ৩ নভেম্বর পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করতে চেয়েছে, এটা ঠিক হবে না। তাদের উচিত সরকারের ৯০ দিনের কর্মকান্ডই পর্যবেক্ষণ করা। কারণ আমরা অনির্বাচিত সরকার। তাদের পর্যবেক্ষণ থাকলে আমাদের পক্ষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সহজ হবে।’
উপদেষ্টা আকবর খান বলেন, ‘দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাস করা জরুরি। কিন্তু আমরা এমন একটা সময়ে দায়িত্ব নিয়েছি, যখন এমনিতেই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমে যাবে। তারপরও সরকার ব্যবস্থা নেবে যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো যায়। একই সাথে দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটের সাথে যদি কেউ থাকে, তবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরো বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা উন্নয়নের জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ নেবে। যাতে পরবর্তী সরকার এসে একটি সুস্থ ও গতিশীল অর্থনীতি পায়।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ১০ উপদেষ্টার মধ্যে নয়জনই বৃহস্পতিবার নিজ নিজ দপ্তরে অফিস করেছেন। শপথ গ্রহণের প্রায় ২৪ ঘন্টা পর বুধবার রাতে তাদের মধ্যে দপ্তর বন্টন করা হয়।
অফিস করেছেন এমন নয়জন উপদেষ্টার মধ্যে আটজনই সচিবালয়ে তাদের দপ্তরে বসেছেন। এ সময় তারা সংশ্লিষ্ট দপ্তরের সব সচিবকে ডেকে তাদের সাথে বৈঠক করেছেন। এসব বৈঠকে তিন মাস নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি মন্ত্রণালয়গুলোর স্বাভাবিক কাজকর্ম চালিয়ে নেওয়ার লক্ষ্যে তারা সংশ্লিষ্ট সচিবদের তিন মাসের কাজের পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেন।
বৈঠক শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় উপদেষ্টাদের প্রায় সবাই বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানই তাদের প্রধান কাজ। নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি রুটিন কাজকর্মও চালিয়ে নেয়া হবে।
প্রধান নির্বাচন কমিশনারের অপসারণসহ নির্বাচন কমিশন সংস্কারের ব্যাপারে অন্য উপদেষ্টারা সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা বিচারপতি ফজলুল হক সাংবাদিকদের বলেছেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠানই আমাদের কাজ। এজন্য সকল পদক্ষেপ নেয়া হবে।’
বিচার বিভাগ পৃথকীকরণে সরকার কোন উদ্যোগ নেবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার নতুন আইন প্রণয়ন, অধ্যাদেশ জারী বা অন্য কোন নীতি-নির্ধারণী বিষয়ে উদ্যোগ নেবে না।
যোগাযোগ ও বিদ্যুত উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার এমন কোন উদ্যোগ নেবে না, যাতে বেশি সময় ব্যয় হয় বা মুখ্য উদ্দেশ্য নির্বাচন অনুষ্ঠান ব্যাহত হয়। তবে শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে তিন মাসের কর্মপরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। আগামী রোববার থেকে ওই পরিকল্পনা নিয়ে কাজ চালিয়ে যাওয়া হবে।
