নরসিংদীতে বিএনপি নেতা সাইফুল হত্যার প্রতিবাদে সমাবেশ
বিএনপি নেতা ও স্থানীয় হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বুধবার বিকেলে স্থানীয় বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে।
নরসিংদী পৌর ঈদগাহ ময়দানে নরসিংদী সদর ও শহর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ খায়রুল কবীর খোকন।
সমাবেশে খোকন অভিযোগ করেন, স্থানীয় বিএনপির জনপ্রিয় নেতা ও হাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলামকে গুলি করে হত্যার মাধ্যমে আওয়ামী লীগ হত্যার রাজনীতি শুরু করেছে।
তদন্ত শেষে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারেরও দাবি জানান তিনি।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেজবাহ উদ্দিন ভূঁইয়া ইরান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার প্রমুখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে হাজীপুরে গিয়ে শেষ হয়।
