পুলিশের গুরুত্বপূর্ণ পদগুলোতে বিতর্কিতরাই রয়ে গেলেন
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ ক্ষমতা নেওয়ার পর তিনদিন পেরিয়ে গেলেও গুরুত্বপূর্ণ কিছু পদে বিএনপি-জামাত সমর্থক পুলিশ কর্মকর্তারা রয়েই গেছেন।
কিছু পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে ইতিমধ্যেই ১৪ দলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। এ বিষয়ে একটি কালো তালিকাও করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেছেন, পুলিশ এখন বিএনপি-জামাতের সন্ত্রাসীদের রক্ষা করছে। ছাত্রদলের সাবেক সভাপতি সাহাবউদ্দিন লাল্টুকে পুলিশের সাহায্যে ঢাকায় আনা প্রসঙ্গে তিনি একথা বলেন।
জাসদ ও সিপিবির দুই শীর্ষ নেতা খোলাখুলিভাবেই বলেছেন, গত সরকারের তাঁবেদার বলে পরিচিত শীর্ষ পুলিশ কর্মকর্তারা এখনও বহাল তবিয়তে রয়ে গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর নিজস্ব অনুসন্ধানে দেখা গেছে, গত সরকারের আমলে অন্যায় সুযোগ পাওয়া সুবিধাভোগী কর্মকর্তাদের বিরুদ্ধে পুলিশ বাহিনীর ভেতরেও ক্ষোভ এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে।
পুলিশের একাধিক সূত্র বলছে, পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও ডিআইজি পদে রদবদল হলেও মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে রয়ে গেছেন বিতর্কিত ব্যক্তিরাই। উপ পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার কর্মকর্তাদের অনেকেই বিএনপি ও জামাতের রাজনীতির সাথে এতোদিন গোপন সম্পর্ক রেখেছেন। বিশেষ করে ঢাকা মহানগরীর কয়েকজন ডিসির ব্যাপারে খোদ পুলিশেই রয়েছে ব্যাপক ক্ষোভ।
পুলিশ সূত্র বলছে, জামালপুর জেলা আমীরের ছেলে মঞ্জুর মোর্শেদ এখন পল্টন অঞ্চলের ডিসি। গত ২৭ অক্টোবর আওয়ামী লীগ ও জামাতের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের সময় পল্টন পুলিশ ছিল নীরব। দুই পক্ষের এই সংঘর্ষে পাঁচজন নিহত হয়।
ইসলামী ছাত্র শিবিরের কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মনির হোসেন এখন উত্তরা অঞ্চলের ডিসি। পুলিশের একাধিক সূত্র বলছে, তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের জোর অভিযোগ রয়েছে।
গত সরকারের পাঁচ বছর মেয়াদে পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ফারুক আহমেদ এবং তেজগাঁও জোনের ডিসি কোহিনূর মিয়ার বিরুদ্ধেও বেশ কয়েকবার সুস্পষ্ট অভিযোগ আনা হয়েছিল।
সেসময় কোহিনূর মিয়া ও ফারুক আহমেদ (ডিসি ডিবি থাকাকালীন) হাওয়া ভবনের সাথে সরাসরি সম্পৃক্ত থেকে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতন নিপীড়ন করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামসুন্নাহার হলে মধ্যরাতে হামলা এবং আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, তোফায়েল আহমেদ, সাবের হোসেন চৌধুরীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর পুলিশী হামলাসহ অনেক বিতর্কিত ঘটনার নায়ক এই কোহিনূর মিয়া।
সর্বশেষ আওয়ামী লীগের হরতালের সময় রাসেল স্কোয়ারে শান্তা নামের আওয়ামী লীগের এক কর্মীকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে রক্তাক্ত জখম করা হয় কোহিনূর মিয়ার সামনে। শান্তা কোহিনূর মিয়ার বিরুদ্ধে মামলা করেন।
র্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার মাসুক [বিএন] হাসানের বিরুদ্ধেও রয়েছে ব্যাপক অভিযোগ।
সূত্র বলছে, জোট সরকারের আমলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরের পাশের গ্রামের লোক হিসেবে ব্যাপক প্রভাব খাটিয়েছেন মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার মাসুক হাসান। এমনকি তার বিরুদ্ধে সাবেক এমপি খাদিজা আমীনের পক্ষ নিয়ে সাবেক এক স্কোয়াড্রন লিডারকে হুমকি ধামকি দেওয়ারও অভিযোগ রয়েছে। স্কোয়াড্রন লিডার আক্তার হোসেন এ ব্যাপারে কয়েক মাস আগে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় ও সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই বরাবর লিখিত অভিযোগও করেছিলেন।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, বিএনপি ও জামাতের রাজনীতির সাথে সরাসরি জড়িত এমন বিতর্কিত ও চিহ্নিত পুলিশ ও র্যাাবের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সম্পর্কে তথ্য তাদের কাছে রয়েছে। এ বিষয়টি তারা রাষ্ট্রপতির সাথে আলাপ করবেন।
হাসানুল হক ইনু বলেন, ১৪ দলের প্রতিনিধির মাধ্যমেই রাষ্ট্রপতির কাছে এসব অভিযোগ তারা উত্থাপন করবেন। তিনি বলেন, দলীয় ও বিতর্কিত পুলিশ ও র্যাব সদস্যদের সরিয়ে নেওয়ার ব্যাপারে সরকার কতটুকু আন্তরিক এ মুহূর্তে তারা সেই বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, নিরপেক্ষ প্রশাসন না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তিনি বলেন, “আমরা তত্ত্বাবধায়ক সরকারের অ্যাপয়ন্টেমেন্ট চেয়েছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ প্রশাসন জরুরী। নির্বাচনে পুলিশ ও র্যাব নিরপেক্ষ না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব না”।
