সিইসির পাশে দাঁড়ালেন মান্নান ভূঁইয়া
প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের অপসারণের বিপক্ষে স্পষ্ট অবস্থান নিলেন বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া।
বুধবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে মান্নান ভূঁইয়া বলেন, “আমার জানা মতে সিইসি কিংবা নির্বাচন কমিশনারদের অপসারণ করা যায় না। তাদের বাদ দেওয়ার কোনো বিধান সংবিধানে নেই। আর তাছাড়া আমার মনে হয় না যে, নির্বাচন কমিশনের সদস্যরা এ পর্যন্ত অপসারিত হওয়ার মত কিছু করেছেন”। পাশাপাশি বিএনপি মহাসচিব আরো জানান যে, “বিরোধী দলের সঙ্গে সংলাপে এ দাবি এতদিন শুনিনি”।
তত্ত্বাবধায়ক সরকারের নবনিযুক্ত ১০ উপদেষ্টা সম্পর্কে মান্নান ভূঁইয়া বলেন, “এরা কোনো দলীয় লোক নন। বিএনপির প্রস্তাবনা থেকে বেশি নিয়োগ দেওয়া হয়েছে, একথা তাই ঠিক নয়।”
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের জন্য ১৪ দলকে দায়ী করে মান্নান ভূঁইয়া বলেন, “নেতিবাচক পথ ছেড়ে নির্বাচনের প্রস্তুতি নিন”।
বিএনপির কার্যালয়ে এসময় নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুস সালাম, নিতাই রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
