দাবি মেনে নিতে ৩ দিনই যথেষ্ট সময়: হাসিনা
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে ১৪ দলের পক্ষ থেকে তিনদিনের মধ্যে ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা যথেষ্ট।
মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিসের সঙ্গে দলের সভানেত্রীর সাক্ষাতের বরাত দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী একথা জানান।
শেখ হাসিনা তাঁর ধানমণ্ডির বাসভবন সুধাসদনে বিউটেনিসের সঙ্গে প্রায় ৪০ মিনিট ধরে কথা বলেন। বৈঠক থেকে বেরিয়ে এসে মার্কিন রাষ্ট্রদূত উপস্থিত সাংবাদিকদের জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রধান রাষ্ট্রপতিকে তাঁর নিরপেক্ষতা প্রমাণের সুযোগ দেওয়ার জন্য তিনি আওয়ামী লীগ সভানেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।
তবে তিনদিন অথবা চারদিন সময় যথেষ্ট বলে তিনি মনে করেন না বলে উল্লেখ করেন বিউটেনিস।
তিনি বলেন, ‘বিক্ষোভ, সহিংসতা গুরুত্বপূর্ণ নয়। এসব থেকে বিরত থাকার জন্য আমি সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি।’
বিউটেনিস বলেন, ‘ক্ষমতা হস্তান্তরের সময় সবার সহিষ্ণুতা দেখে আমি মুগ্ধ হয়েছি।’
শেখ হাসিনার বরাত দিয়ে তাঁর রাজনৈতিক সচিব জানান, রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে তাঁর দলীয় অবস্থান থেকে সরে দাঁড়ানোর জন্য ১৪ দল সুযোগ দিয়েছে। তিনি বলেন, সদিচ্ছা থাকলে ১৪ দলের দাবিকৃত ১১ দফা তিন ঘন্টায়ও মেনে নেওয়া সম্ভব ছিল।
সাবের আরও বলেন, ‘বেঁধে দেওয়া সময়ের মধ্যেই রাষ্ট্রপতি তাদের দাবি মেনে নেবেন বলে আমরা আশা করছি। কারণ আমরা শান্তি চাই, সহিংসতা নয়।’
