রাষ্ট্রপতির কাছে পাঁচ উপদেষ্টা নাম পাঠিয়েছে আ. লীগ
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে মঙ্গলবার দুপুরে পাঁচ তত্ত্বাবধায়ক উপদেষ্টার নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ।
দুপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ ১৪ দলের নেতারা রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করে জোটের প্রস্তাবিত তালিকাটি হস্তান্তর করেন।
এর আগে শেখ হাসিনার বাসভবন সুধাসদনে এ ব্যাপারে আওয়ামী লীগ নেতারা এক বৈঠকে বসেন। এ সময়ে প্রস্তাবিত পাঁচ তত্ত্বাবধায়ক উপদেষ্টার নাম নিয়ে আওয়ামী লীগ নেতারা আইন বিশেষজ্ঞ ও গণফোরাম নেতা ড. কামাল হোসেন ও সাবেক সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার রোকনউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনা করেন।
এদিকে আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে বলেন, রাষ্ট্রপতির সচিব পরিবর্তনের বিষয়টি লোক দেখানো। গতকাল রাষ্ট্রপতির সচিব আখতার হোসেন খানকে অব্যাহতির ঘটনাকে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু লোক দেখানো ঘটনা বলে অভিহিত করেছেন।
