তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে খাগড়াছড়ি আ.লীগের স্মারকলিপি পেশ
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পেশ করেছে।
এতে উত্থাপিত বিভিন্ন দাবির মধ্যে রয়েছে বিদায়ী চারদলীয় জোট সরকারের মনোনীত তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানসহ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান, অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান পদের দায়িত্বে থাকা বিএনপি নেতা--কর্মীদের অপসারণ প্রভৃতি।
স্মারকলিপিতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামের এসব প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সরকারি কার্যক্রম বন্ধ, পার্বত্য চট্টগ্রামে জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার স্বার্থে প্রশাসনের নিরপেক্ষতা বজায় রাখার জন্য অনিয়ম--দুর্নীতির তদন্ত, জবর দখলকৃত সরকারি ভূমি উদ্ধারসহ জেলার ৮২টি বাঙ্গালী গুচ্ছগ্রামের প্রকল্প চেয়ারম্যান, গুচ্ছগ্রাম প্রকল্প কমিটি বাতিলসহ জোট সন্ত্রাসীদের কাছে থাকা বিপুল অবৈধ অস্ত্র উদ্ধার ও খুনী সন্ত্রাসীদের গ্রেফতারের জোর দাবি জানানো হয়।
এছাড়া স্মারকলিপিতে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, বিডিআরের হস্তক্ষেপ কামনা করা হয়। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে জেলা আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে গণ আন্দোলন গড়ে তুলবে বলে জানানো হয়।
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি যতীন্দ্র লাল ত্রিপুরা, সম্পাদক জাহেদুল আলম, দলীয় নেতা রণবিক্রম ত্রিপুরা, বীর কিশোর চাকমা অটল, এসএম শফির নেতৃত্বে মিছিল করে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
