“সাজানো নির্বাচন কমিশনের বদলে নতুন কমিশন গঠন করুন”
আগামী ২৪ ঘন্টার মধ্যে দলীয় ব্যক্তিদের দিয়ে গঠিত সাবেক জোট সরকারের সাজানো নির্বাচন কমিশন পরিবর্তন করে নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি।
সমিতির এক সংবাদ বিঞ্জপ্তিতে বলা হয়, সমিতির দক্ষিণ হলে সোমবার দুপুরে আয়োজিত এক জরুরী সাধারণ সভায় নেয়া সিদ্ধান্তে আরো বলা হয়, সংবিধানের ৫৮গ(৩) (৪) ও (৫) অনুচ্ছেদের বিধান অনুযায়ী পদক্ষেপ গ্রহণ না করে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ সংবিধান সম্মত নয়। এ ধরণের পদক্ষেপের মাধ্যমে তিনি বিএনপি-জামায়াত জোটের নীল নকসার ফাঁদে পা দিয়েছেন, যা অত্যন্ত দূর্ভাগ্যজনক ও অনভিপ্রেত।
সমিতির সহ-সভাপতি এটিএম মিজানুর রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সম্পাদক এ এম আমিনউদ্দিন, সিনিয়র এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু।
সভায় রাষ্ট্রপতির সচিবালয়সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি দিয়ে যে সব কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে তাদের প্রত্যাহার করার দাবি জানানো হয়। এছাড়া পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে দলীয় বিবেচনায় নিয়োগ ও পদোন্নতিপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ ও পদোন্নতি বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ করার আহ্বান জানানো হয়।
এছাড়া এ্যাটর্নী জেনারেলসহ আইন কর্মকর্তা, পিপি, জিপি, বেতার ও টেলিভিশনের মহা পরিচালকসহ দলীয় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের পরিবর্তন করারও দাবি জানানো হয়। সভায় বিশেষ ট্রাইবুনাল গঠন করে দুর্নীতিবাজ মন্ত্রী, আমলাদের বিচার করার জন্য এক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানানো হয়।
