তত্ত্বাবধায়ক প্রধানের অতিরিক্ত দায়িত্বে রাষ্ট্রপতি
বিরোধী দলের তীব্র আপত্তি সত্ত্বেও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ। রোববার রাত আটটায় বঙ্গভবনে এ শপথের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন তাকে শপথ পড়ান।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালুর পর এই প্রথম এর প্রধান পদে রাষ্ট্রপতি শপথ নিলেন। এর আগে ১৯৯৬ সালে বিচারপতি হাবিবুর রহমান এবং ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমান নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদে দায়িত্ব পালন করেছিলেন।
তত্ত্বাবধায়ক প্রধান হিসেবে রাষ্ট্রপতিকে ১৪ দল মানবে কি-না এ সম্পর্কে রাত সাড়ে আটটা পর্যন্ত কিছু জানা যায়নি। অবশ্য শনি ও রোববার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল রাষ্ট্রপতির বিষয়ে আপত্তি জানিয়ে আসছিলো। এসময় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার মন্তব্য জানতে অনেক সাংবাদিক এসময় ধানমন্ডির সুধা সদনের সামনে দাঁড়িয়েছিলেন।
তত্ত্বাবধায়ক সরকারের শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই খালেদা জিয়ার নেতৃত্বাধীন মন্ত্রিসভা বিলুপ্ত হয়ে গেল। এ অনুষ্ঠানে অবশ্য তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের নাম ঘোষণা করা হয়নি।
সংবিধানের ৫৮(গ) অনুচ্ছেদের ৬ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনের অতিরিক্ত হিসেবে তত্ত্বাবধায়ক সরকার প্রধানেরও দায়িত্ব পালন করবেন। সংক্ষিপ্ত শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধান বিচারপতি তাকে গোপনীয়তার শপথ পাঠ করান। এরপর রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি দুইজন স্বাক্ষর করলে ১৫ মিনিটেরও কম সময়ে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হয়।
বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এ শপথগ্রহণ অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ, জোট সরকারের মন্ত্রিসভার সদস্যরা, সচিব, বিদেশি ক’টনৈতিকরা উপস্থিত ছিলেন।
কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বঙ্গভবনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের শপথ নেওয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এ এফ এম সোলায়মান চৌধুরি রোববার রাত আটটায় রাষ্ট্রপতির অনুমতি নিয়ে এ আনুষ্ঠানিকতা শুরু করেন।
রাষ্ট্র নিয়ন্ত্রিত টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন শপথ নেওয়ার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে।
এদিকে রোববার সকালে বিএনপি ও জামায়াত রাষ্ট্রপতির সিদ্ধান্তের ওপর আস্থা জানালেও আওয়ামী লীগের মতে, তত্ত্বাবধায়ক সরকার প্রধানের পদে রাষ্ট্রপতির প্রস্তাব সংবিধান পরিপন্থী।
দেশের উদ্ভূত পরিস্থিতিতে সবার কাছে গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা খোঁজার লক্ষ্যে সংবিধানের ৫৮ (গ) অনুচ্ছেদে বর্ণিত ছয়টি বিকল্পের পঞ্চম উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করলেও মূলত কোন ঐকমত্যে পৌঁছাতে পারনেনি।
রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল রোববার সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নিরপেক্ষ নন বলে অন্তর্বতীকালীন সরকারের প্রধান নির্বাহী হওয়ার যোগ্যতাই তার নেই। পাশাপাশি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করতে হলে বয়স ৭২ বছরের কম থাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে বলে ৭৬ বছরের রাষ্ট্রপতি এ দায়িত্ব পালন করতে অসমর্থ।
১৪ দলের নেতারা সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা নির্বাচনের যথাযথ বিকল্পগুলো খুঁজে নেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে জোর দাবি জানান।
দলীয় প্রেসিডিয়াম কমিটির সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল এই চারজন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন।
এর আগে দুপুর ৩ টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জামায়াতের মহাসচিব আলী আহসান মুজাহিদ বঙ্গভবন থেকে বেরিয়ে এসে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতির প্রতি আমরা আস্থাশীল। তিনি যা সিদ্ধান্ত দেবেন তাই আমরা মেনে নেব। কারও নাম আমরা প্রস্তাব করিনি।’ বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরীর বিষয়ে তিনি বলেন, ‘সাংবিধানিকভাবেই তিনি প্রধান উপদেষ্টা হতে পারেন না।’ এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন সাঈদী ও এম কামরুজ্জামান।
বেলা ১২টা ৫০ মিনিটে বঙ্গভবন থেকে বেরিয়ে এসে মান্নান ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সংবিধানে বর্ণিত ছয়টি বিকল্পের মধ্যে চারটিই ব্যর্থ হয়েছে। তাই রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেছেন।
মান্নান ভূঁইয়া আরও বলেন, সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার জন্য সাবেক প্রধান বিচারপতি কেএম হাসান রাজী নন; পূর্ববর্তী প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরীকে বিএনপি সমর্থন দেয়নি, এর পরের বিকল্প প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের বিষয়ে আওয়ামী লীগের আপত্তি আছে। আর চতুর্থ বিকল্প বিচারপতি হামিদুল হক তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছেন।
মান্নান ভূঁইয়া আরো বলেন, এ অবস্থায় সংবিধান অনুযায়ী পঞ্চম বিকল্প হচ্ছে সবার কাছে গ্রহণযোগ্য একজন কাউকে ওই দায়িত্ব দেওয়া। আর ষষ্ঠ বিকল্প হলো বর্তমান রাষ্ট্রপতিকেই তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব দেওয়া।
তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকার প্রধানের দায়িত্ব নেওয়া প্রশ্নে সাংবিধানিক এসব পন্থা নিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন।
জাপা (এ) নেতারা সাংবাদিকদের বলেন, তারা রাষ্ট্রপতিকে সংবিধান অনুসরণ করতে অনুরোধ করেছেন। সকাল ১১ টার দিকে জাপার (এ) মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ ও তাজুল ইসলাম চৌধুরী বঙ্গভবনে যান। জাপা (এ) নেতা কাজী জাফর আহমেদ আলোচনা শেষে বঙ্গভবনের বাইরে এসে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি, তিনি যেনো সংবিধান অনুযায়ী চলেন।’
তিনি বলেন, ‘আমরা তাকে আরো বলেছি, আপনি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখুন এবং সাংবিধানিকভাবে বিকল্প উপায়গুলোও ভেবে দেখুন।’
কাজী জাফর আরো জানান, জবাবে রাষ্ট্রপতি তাদের বলেছেন, তিনি সংবিধান অনুযায়ীই বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী ও বিচারপতি হামিদুল হকের সঙ্গে কথা বলেছেন।
জাপার (এ) অপর নেতা রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে আমরা কোনো নাম প্রস্তাব করিনি।’ তিনি জানান, দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে আলাপ করেই তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন।
পরে বিএনপির শীর্ষ নেতা এম কে আনোয়ার সকাল ১১ টা ২৫ মিনিটে এবং বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও দলের অপর শীর্ষ নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ সকাল ১১ টা ৩২ মিনিটের দিকে যান বঙ্গভবনে।
দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতি অষ্টম জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর মহাসচিব বা সাধারণ সম্পাদক এবং আরো দুজন শীর্ষ নেতাকে আলোচনার জন্য আহ্বান করেন।
