পঞ্চগড়ে বিএনপি ও ১৪ দলের সংঘর্ষে আহত ১০
পঞ্চগড়ে রোববার আওয়ামী লীগসহ ১৪ দল ও বিএনপির সংঘর্ষে জেলা যুবদল সভাপতিসহ উভয় দলের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়েছে।
আহতরা হল-- জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, যুবদল নেতা আনিসুর রহমান, মাহাবুব, অনু, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট রুহুল আমিন মানিক, ছাত্রলীগ নেতা তারেক, মাসুম, জিন্নাহ ও পলাশ। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, শনিবার সারাদিন সংঘর্ষের পর গভীর রাতে এক ছাত্রদল কর্মী শহরের রামের ডাঙ্গা গ্রামে ছাত্রলীগ কর্মী তারেককে মারধর করার জের ধরে রোববারের সংঘর্ষের সূত্রপাত হয়। পরে ছাত্রদল কর্মীরা ছাত্রলীগ কর্মী মাসুদের বাড়িতেও হামলা ও ভাংচুর করে। ঘটনার পর ছাত্রলীগ কর্মীরাও পার্শ্ববর্তী পুরাতন ক্যাম্প গ্রামের যুবদল নেতা আনিছুর রহমান আনিছকে মারধর এবং তার বাড়িতে ভাংচুর চালায়।
ওই ঘটনার রেশ ধরে দুপুরে সাবেক ছাত্রলীগ নেতা অ্যাডভোকেট রুহুল আমিন মানিকের ওপর বিএনপি কর্মীরা হামলা চালায়। ওই সময় মানিক বিএনপি দলীয় কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন। জেলা যুবদল সভাপতি ওই ছাত্রলীগ নেতাকে আটকাতে গেলে তিনি গুরুতর জখম হন। ঘটনার পর আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং দফায় দফায় সংঘর্ষ ব্যাপক আকার নেয়। সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ১০ নেতাকর্মী আহত হয়।
এদিকে, গত দু’দিন জেলা শহরের সব দোকানপাট বন্ধ রয়েছে এবং যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের অব্যাহত সংঘর্ষে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
