সচিবালয়ে পদোন্নতি বঞ্চিতদের বিক্ষোভ
ঈদের ছুটির পর প্রথম কার্যদিবসেই রোববার জোট সরকারের আমলে বিভিন্ন সময়ে পদোন্নতিসহ সুযোগ--সুবিধা বঞ্চিত প্রশাসনের শতাধিক কর্মকর্তা সচিবালয়ে নয়া সংস্থাপন সচিবের সাথে সাক্ষাত করে তাদের দাবি আদায়ে একটি স্মারকলিপি পেশ করেছেন।
সচিবের কাছে ইতিবাচক আশ্বাস না পেয়ে বেরিয়ে যাওয়ার সময় তারা মন্ত্রিপরিষদ ও সংস্থাপন মন্ত্রণালয়ের (১ নম্বর ভবন) সামনে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ বিক্ষুব্ধ কর্মকর্তাদের বাধা দেয়ার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
সংস্থাপন সচিব এএফএম সোলায়মান চৌধুরী অবশ্য বিক্ষোভের কথা অস্বীকার করে সাংবাদিকদের বলেছেন, ‘বিভিন্ন সময়ে পদোন্নতিসহ সুযোগ সুবিধা বঞ্চিত বেশ কিছু কর্মকর্তা রোববার আমার কার্যালয়ে এসে দেখা করেন। তারা আমার সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।’
তিনি বলেন, ‘এ সময় তারা তাদের বিভিন্ন দাবি--দাওয়া নিয়েও আমার সাথে আলোচনা করেছেন। তাদের দেয়া একটি স্মারকলিপি আমি গ্রহণ করেছি। তাদের দাবি--দাওয়াগুলো সুযোগ --সুবিধা মতো বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে যুগ্ম সচিব থেকে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এসব পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা সংস্থাপন সচিবের সাথে সাক্ষাত করে তাদের দাবি--দাওয়ার বিষয়ে আলোচনা করেন।
তারা এসব দাবি--দাওয়া এক সপ্তাহের মধ্যে মেনে নেয়ার দাবি জানান। নইলে আন্দোলনে যাওয়ার হুমকিও দেন।
কিন্তু সচিবের আশ্বাসে তারা সন্তুষ্ট না হয়ে বাইরে বেরিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় পুলিশের সহকারী কমিশনার (সচিবালয়) হাবিবুর রহমান তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন থেকে বিরত থাকতে বলেন।
এতে ক্ষিপ্ত হয়ে কর্মকর্তারা ওই পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ করেন। এ সময় দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
