২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির প্রতি আইনজীবীদের আহ্বান

সংবিধানের আলোকে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের মাধ্যমে জাতিকে সংকট থেকে রক্ষার জন্য রোববার সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 06:48 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

সমিতির দক্ষিণ হলে রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতি নেতৃবৃন্দ অভিযোগ করেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য সংবিধানের চারটি বিকল্পের মধ্যে তিনটি শেষ না করে, নিজেই এ পদে দায়িত্ব পালনের ইচ্ছা ব্যক্ত করার মাধ্যমে রাষ্ট্রপতি সংবিধান লংঘন করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এ এম আমিনউদ্দিন, সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মো. ওজায়ের ফারুক ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু।

সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল-ইসলাম বলেন, সংবিধানের ৫৮গ (৩), (৪) ও (৫) অনুচ্ছেদ অনুযায়ী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ও আপীল বিভাগের বিচারপতিদের তালিকা অনুযায়ী ডাকা শেষ না করে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিধান পালন না করে নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের ইচ্ছা ব্যক্ত করে রাষ্ট্রপতি সংবিধান ও শপথ লংঘন এবং সাংবিধানিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

তিনি এই বিশৃঙ্খলা থেকে জাতিকে মুক্ত করার জন্যও রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।

এমনকি সংবিধানের ৫৮ গ (৩) ও (৪) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতি ও আপীল বিভাগের বিচারপতিদের তালিকা শেষ না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য রোববারের আলোচনাকেও ব্যারিস্টার আমীর সংবিধান লংঘন বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিচারপতি কে এম হাসান অপারগতা প্রকাশ করলেও অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের মধ্যে যাদের বয়স এখন পর্যন্ত ৭২ হয়নি তাদেরকে পর্যায়ক্রমে এই পদ গ্রহণ করার আহ্বান জানানোর বিধান রয়েছে। সে অনুযায়ী বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী ও বিচারপতি মোস্তফা কামাল পর্যন্ত অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের নাম আসে।

দলীয় বিবেচনায় নিযুক্ত ও তাঁর বয়স ৭২ বছরের ঊর্ধ্বে হওয়ায় সংবিধানের ৫৮ গ (৭) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের অযোগ্য বলে ব্যারিস্টার আমীর মন্তব্য করেন।

বিচারপতি কে এম হাসান অপারগতা প্রকাশ করায় তার আগে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে প্রধান উপদেষ্টা নিয়োগের জন্যও তিনি আহ্বান জানান।

আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি হামিদুল হক ইতোমধ্যে অপারগতা প্রকাশ করায় বর্তমানে করণীয় সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, সংবিধানের বিকল্প শেষ করে আপীল বিভাগের বিচারপতিদের পালা এলে তখন বিচারপতি হামিদুল হককে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিতে হবে।

তিনি বলেন, বিচারপতি হামিদুল হক তখন অপারগতা প্রকাশ করলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিকল্প আসবে।

অ্যাড. আবদুল বাসেত মজুমদার বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা লঙ্ঘন করে নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালনের প্রস্তাব দিয়ে রাষ্ট্রপতি মানসিক অসুস্থতার প্রমাণ দিয়েছেন।

অন্যদিকে রাষ্ট্রপতিকে দেওয়া পরামর্শ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নী জেনারেল এ বিষয়ে কোন কিছু জানাতে অস্বীকৃতি জানান।

তিনি বলেন, বিষয়টি রাষ্ট্রপতি ও তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

এদিকে রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এম আমিনউদ্দিনের নেতৃত্বে সমিতির প্রায় অর্ধশত আইনজীবী পুলিশী বাধা উপেক্ষা করে মুক্তাঙ্গনে ১৪ দলীয় বিরোধী জোটের সমাবেশে যোগ দেন।