২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদে অযোগ্য: জলিল

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল বলেছেন, ‘নিরপেক্ষ নন বলে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদটি নিতে সাংবিধানিকভাবেই অযোগ্য’। তিনি আজ রোববারের মধ্যে সংবিধানের আলোকে একজন নিদর্লীয় ব্যক্তির অধীনে তত্ত্বাবধায়ক সরকার গঠনের আহবান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 06:40 PM

Updated : 26 Apr 2022, 04:00 PM

এদিকে রোববার বিকেলে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার প্রস্তাবকে আবারো বাতিল করে দিয়েছে আওয়ামী লীগ ও তার শরিক ১৩ দল। বিরোধী দল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন না হওয়া পর্যন্ত চলমান লাগাতার অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেয়।

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে সাক্ষাৎ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল রোববার সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি একটি দল থেকে নির্বাচিত বলে নিরপেক্ষ নন। তাঁর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাহী হওয়ার যোগ্যতাই নেই। পাশাপাশি প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করতে হলে বয়স ৭২ বছরের কম থাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে বলে ৭৬ বছরের রাষ্ট্রপতি এ দায়িত্ব পালন করতে অসমর্থ।

১৪ দলের নেতারা সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টা নির্বাচনের জোর দাবি জানিয়ে বলেছেন, সাংবিধানিক নির্দেশের আলোকে প্রাক্তন প্রধান বিচারপতিদের তালিকায় একজন মাত্র অসম্মতি প্রকাশ করেছেন। অন্যান্যদের আহবান জানানো রাষ্ট্রপতির সাংবিধানিক কর্তব্য।

বিকেলে ধানমন্ডির কার্যালয়ে বর্তমান রাষ্ট্রপতিকে দলীয় লোক হিসেবে অবহিত করে আবদুল জলিল সাংবাদিকদের বলেন, তিনি নির্দলীয় ব্যক্তি নন, কাজেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি হতে পারেন না। রাষ্ট্রপতি যে এটর্নী জেনারেলের সঙ্গে কথা বলে যে প্রস্তাব দিয়েছেন, তা প্রত্যাখ্যান করে বলেন, এটর্নী জেনারেল দলীয় ব্যক্তি, তার মতামতের মধ্যে একটি দলের মত প্রতিফলিত হয়।

তিনি রাষ্ট্রপতিকে ড. কামাল হোসেন, ড. জহির ও ব্যারিস্টার আমীরুল ইসলামের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের পরামর্শ দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল অভিযোগ করেন যে, প্রধানমন্ত্রী নয়াপল্টনে যে বক্তব্য দিয়েছেন তার সঙ্গে রাষ্ট্রপতির কথার যোগসূত্র পাওয়া যায়।