২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে জাপা (এ) ও বিএনপির সাক্ষাত

রাষ্ট্রপতি ড. অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের আহ্বানে সাড়া দিয়ে রোববার সকালে বিএনপি ও জাতীয় পার্টির (এরশাদ) শীর্ষ নেতারা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2006, 12:15 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বঙ্গভবন থেকে নফহবংি২৪.পড়স এর সিনিয়র রিপোর্টার এনামুল হক জানাচ্ছেন, পরে জাপা (এ) নেতারা সাংবাদিকদের বলেন, তারা রাষ্ট্রপতিকে সংবিধান অনুসরণ করতে অনুরোধ করেছেন।

প্রথমে সকাল ১১ টার দিকে জাপার (এ) মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ ও তাজুল ইসলাম চৌধুরী বঙ্গভবনে যান।

পরে বিএনপির শীর্ষ নেতা এম কে আনোয়ার সকাল ১১ টা ২৫ মিনিটে এবং বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ও দলের অপর শীর্ষ নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ সকাল ১১ টা ৩২ মিনিটের দিকে যান বঙ্গভবনে।

দেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রপতি অষ্টম জাতীয় সংসদে প্রতিনিধিত্ব ছিল, এমন রাজনৈতিক দলগুলোর মহাসচিব বা সাধারণ সম্পাদক এবং আরো দুজন শীর্ষ নেতাকে আলোচনার জন্য আহ্বান করেন।

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে সকাল ১১ টা ৫৫ মিনিটে জাপা (এ) নেতা কাজী জাফর আহমেদ বঙ্গভবনের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি, তিনি যেনো সংবিধান অনুযায়ী চলেন।’

তিনি বলেন, ‘আমরা তাকে আরো বলেছি, আপনি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখুন এবং সাংবিধানিক বিকল্পও ঠিক করে রাখুন।’

কাজী জাফর আরো জানান, জবাবে রাষ্ট্রপতি তাদের বলেছেন, তিনি সংবিধান অনুযায়ীই বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী ও বিচারপতি হামিদুল হকের সঙ্গে কথা বলেছেন।

জাপার (এ) অপর নেতা রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে আমরা কোনো নাম প্রস্তাব করিনি।’

তিনি জানান, দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে আলাপ করেই তারা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেন।