নোয়াখালীর হাতিয়া ও চাটখিলে আ.লীগ--বিএনপির সংঘর্ষে আহত ৫৫
হাতিয়া উপজেলা সদরের বেশ কয়েকটি স্থানে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৪৫ নেতা--কর্মী আহত হয়েছেন।
এ সময় ২০টি দোকান ভাংচুর ও চারটি দোকানে লুটপাট হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে ওছখালী, তমরদ্দি, খবির মিয়ার হাট, জাহাজমারা, সেন্টার বাজার, চৌমুহনী ও সৌদিয়া বাজারে দুই দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
আহতদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এদিকে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, চাটখিল উপজেলা সদরে আওয়ামী লীগের সাথে সংঘর্ষে বিএনপি--জামাতের কমপক্ষে ১০ নেতা--কর্মী আহত হন।
আহতদের মধ্যে উপজেলা জামাতের নেতা মাওলানা ওমর ফারুক, মাওলানা ইয়াকুব, মোহাম্মদ উল্ল্যার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে চাটখিল পৌর যুবদল সভাপতি আনিস ও উপজেলা বিএনপির সহ--সাধারণ সম্পাদক আলমগীর হোসেন নয়ন মাথায় মারাত্মক আঘাত পান।
তাদের আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় বিক্ষুদ্ধ আওয়ামী লীগ কর্মীরা চাটখিল উপজেলা বিএনপি ও জামাত কার্যালয় ভাংচুর ও আসবাবপত্রে অগ্নিসংযোগ করে।
চাটখিল বাজারে আওয়ামী লীগ কর্মীরা মিছিল সমাবেশ করেছে।
