প্রধান উপদেষ্টার পদ নিতে অসম্মতি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন বিচারপতি হাসান
বিচারপতি খন্দকার মাহমুদুল হাসান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ নিতে অসম্মতি জানিয়েছেন। সাবেক প্রধান বিচারপতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এ বিশৃঙ্খলার মধ্যে রাষ্ট্রের শীর্ষ নির্বাহীর পদটি নিতে রাজি নন তিনি। শনিবার রাষ্ট্রপতিকে দেওয়া এক চিঠিতে বিচারপতি কে এম হাসান প্রধান উপদেষ্টার পদটি নিতে অসম্মতি জ্ঞাপন করেন।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবু সোলায়মান চৌধুরী শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিচারপতি হাসানকে শনিবার প্রধান উপদেষ্টার পদে শপথ নেওয়ার আনুষ্ঠানিকতা সম্পর্কে জানিয়েছিলেন। সেদিনই হাসান জানিয়ে দেন যে, তার পক্ষে শনিবার শপথ নেওয়া সম্ভব নয়।
‘ক্ষমতা নেওয়ার জন্য কি আপনি তৈরি?’ সচিবের এ প্রশ্নের জবাবে হাসান বলেছেন ‘না’। তবে কবে নাগাদ দায়িত্ব নিতে পারবেন তাও তিনি জানাননি। ঘনিষ্ঠ সূত্র আরো জানিয়েছে যে, প্রধান উপদেষ্টার পদটি নিয়ে দেশে এত বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এটা হাসান মেনে নিতে পারছেন না।
