নারায়ণগঞ্জে বিএনপির ২ কর্মী খুন
রূপগঞ্জে ছাত্রদল--ছাত্রলীগের সংঘর্ষে শুক্রবার সন্ধ্যায় গুরুতর আহত ছাত্রদল নেতা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন।
নিহত নেতা মুড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান (২৫)।
নিহতদের স্বজনরা অভিযোগ করেন, ছাত্রলীগের মিছিল থেকে সন্ধ্যা ৭টায় মুড়াপাড়ায় মতিউর রহমানের বাড়িতে হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।
তবে রূপগঞ্জ থানা পুলিশ জানায়, ছাত্রদল--ছাত্রলীগের মুখোমুখি সংঘর্ষে মতিউর রহমান গুরুতর আহত হন।
অপর দিকে শুক্রবার রাত পৌনে ১০টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকায় বিএনপি কর্মী রাসেলকে (২২) প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, নিহত রাসেল সিদ্ধিরগঞ্জের পাইনাদী কালাহাতিয়ারপার এলাকার জনৈক নাসিরউদ্দিন খলিফার ছেলে। তিনি এর আগে অবৈধ অস্ত্রসহ ধরা পড়েছিলেন।
