২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে সোনামসজিদ স্থল বন্দর বন্ধের হুমকি দিয়েছে ১৪ দল

শনিবার থেকে সোনামসজিদ স্থল বন্দর বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ১৪ দল।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2006, 12:13 AM

Updated : 26 Apr 2022, 04:00 PM

শুক্রবার সন্ধ্যায় ১৪ দলের এক সমাবেশ থেকে এ হুমকি দেওয়া হয়।

এছাড়া ওই বন্দর থেকে আনীত মালামাল বহনকারী সব যানবাহন রাজশাহীর ওপর দিয়ে চলাচল বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে।

একই দাবিতে শনিবার সকাল থেকে রাজশাহীর রাজপথ দখলে রাখার কর্মসূচি নিয়েছে ১৪ দল।

সমাবেশ থেকে মেয়র মিজানুর রহমান মিনুসহ চারদলীয় জোট সরকারের সব মন্ত্রী--এমপিকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

সন্ধ্যার পর নগর ১৪ দলের একটি বিক্ষোভ মিছিল কুমারপাড়া আওয়ামী লীগের মহানগর কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়।

সেখানে মহানগর আওয়ামী লীগের সহ--সভাপতি চৌধুরী খুরশিদ বিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাসদ মহানগর কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএইচএম খায়রুজ্জামান লিটন ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা।

বক্তারা মেয়র মিনুসহ জোট সরকারের সব মন্ত্রী--এমপিকে রাজশাহীতে অবাঞ্ছিত ঘোষণা করেন। পাশাপাশি শনিবার সকাল ৮টা থেকে সাহেব বাজার জিরো পয়েন্টে একটি উন্মুক্ত মঞ্চ স্থাপনের ঘোষণা দেন। সেখানে ১৪ দল নেতা--কর্মীরা সারাদিন বক্তব্য রাখবেন এবং সাংস্কৃতিক কর্মীরা গণসঙ্গীত পরিবেশন করবেন।

কেএম হাসানকে প্রধান উপদেষ্টার পদ থেকে বাদ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই মঞ্চ চলতেই থাকবে বলে নেতারা জানান।