রাষ্ট্রপতির কাছে ঢাবির ৪৪৮ শিক্ষকের স্মারকলিপি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৪৮ শিক্ষক রাষ্ট্রপতিকে সংবিধান সম্মতভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার অনুরোধ জানিয়েছেন।
রাষ্ট্রপতিকে শুক্রবার দেওয়া এক স্মরকলিপিতে তারা এই অনুরোধ জানান।
শিক্ষকদের পক্ষে অধ্যাপক ড. আখতার হোসেন সাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সম্প্রতি তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কোন কোন মহল সংবিধানের বিভিন্ন ব্যাখা দিয়ে দেশ ও জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বর্তমান জোট সরকারের মেয়াদ শেষে সংবিধানসম্মতভাবে যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার উপযুক্ত, দেশ ও জাতির স্বার্থে তাঁর কাছে দায়িত্ব অপর্ণের জন্য আপনাকে অনুরোধ করছি। আর দেশের জনগণের আশা-আকাঙ্খার প্রতীক হিসেবে আপনার কাছে দেশবাসীর এটাই প্রত্যাশা।
সংবিধান অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দিয়ে আপনি দায়িত্বশীলতা, ন্যায়নিষ্ঠা এবং সাহসিকতার পরিচয় দেবেন বলে আমাদের বিশ্বাস। আপনার এই সিদ্ধান্ত সংবিধান সমুন্নত রাখতে এবং সুষ্ঠ নির্বাচন ও গণতান্ত্রিক ধারা অব্যহত রাখতে সাহায্য করবে। আর এক্ষেত্রে দেশবাসী আপনার সাথে থাকবে।
স্মারকলিপিতে সাক্ষরকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. মোঃ আমিনুর রহমান মজুমদার, অধ্যাপক মোঃ নুরুল ইসলাম, অধ্যাপক শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরী, অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, অধ্যাপক মোঃ মোজাম্মেল হক, অধ্যাপক আফসার উদ্দিন আহমেদ, অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. পিকে মতিউর রহমান, অধ্যাপক ইফতেখার-উল-আউয়াল, অধ্যাপক ড. তাজমেরী এসএ ইসলাম, অধ্যাপক ইউএবি রাজিয়া আক্তার বানু, অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম, অধ্যাপক একিউ ফজলুল ওয়াহিদ, অধ্যাপক জিয়াউস শামস, অধ্যাপক কামরুল আহসান চৌধুরী, অধ্যাপক ড. আব্দুর রব ও অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী।
