পল্টন ময়দানে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ডিএমপি
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শুক্রবার গভীর রাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীর পল্টন ময়দান ও এর আশপাশের এলাকায় যে কোন ধরনের সভা, সমাবেশ নিষিদ্ধ করেছে।
এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার এস এম মিজানুর রহমান শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, বর্তমান সরকারের মেয়াদ শেষে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে পল্টন ময়দানে বিভিন্ন রাজনৈতিক দল ২৮ অক্টোবর পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করায় জনমনে ব্যাপক ভীতির সঞ্চার হয়েছে। এতে ঢাকা মহানগর এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, ‘ঢাকা মহানগরী এলাকায় শান্তি-শৃঙ্খলা, জননিরাপত্তা এবং সরকারি স্থাপনা ও সম্পত্তি রক্ষা করার প্রয়োজনে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে শুক্রবার গভীর রাত থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্টন ময়দানে সমাবেশ ও জনসভা নিষিদ্ধ ঘোষণা করছি।’
